তিতাস কমিউটার উদ্ধার, রেল চলাচল স্বাভাবিক হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আউটার এলাকায় হরতালকারীদের হাতে আটকে থাকা তিতাস কমিউটার ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ট্রেনটি আখাউড়া থেকে ঢাকা যাচ্ছিল। সকাল ১০টার দিকে র্যাব ও পুলিশ ট্রেনটি উদ্ধার করে স্টেশনের অন্য একটি লাইনে এনে রাখে। পরে বেলা ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে আটকে পড়া তিতাস ট্রেনটির যাত্রীরা বেশির ভাগই নিজেদের মতো করে চলে গেছে। র্যাব-৯ (ভৈরব) ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বরত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, এই রেলপথ এক থেকে দেড় ঘণ্টা আগেই স্বাভাবিক করা যেত। কিন্তু ব্রা‏হ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার সংকেত না দেওয়ায় তা সম্ভব হয়নি।আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন মাস্টার আতাউর রহিম প্রথম আলোকে জানান, হরতালকারীরা আজ সকাল সাড়ে ছয়টার পর তিতাস কমিউটার ট্রেনটি আটকে রাখায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এর মধ্যে সিলেট থেকে ঢাকাগামী রাতের আন্তনগর উপবন এক্সপ্রেস, ব্রা‏হ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশনে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ও ভৈরব রেলস্টেশনে ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ছিল। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। পৌর শহরে সব দোকানপাট বন্ধ আছে এবং হরতালকারীরা দফায় দফায় মিছিল করছে।