তিতাস গ্যাসের ইএজিএমের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে খারিজ
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বাখরাবাদ প্রকল্পটি হস্তান্তরের বিষয়ে ইএজিএমের (এক্সট্রাঅরডিনারি জেনারেল মিটিং) বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে রাজধানীর অফিসার্স ক্লাবে কাল বৃহস্পতিবার ইএজিএম অনুষ্ঠানে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তবে রিট আবেদনকারীর আইনজীবী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। আজ বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দীকি ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুই শেয়ারহোল্ডারের করা রিট আবেদন খারিজ করে এ আদেশ দেন। ২০০৮ সালের ১৭ নভেম্বর তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারের সিদ্ধান্তক্রমে বাখরাবাদ নামে আলাদা একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড করার সিদ্ধান্ত নেয়। এটা আগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে ছিল। সরকারি আদেশ অনুসারে বাখরাবাদের ওই প্রকল্পের মূল্য নির্ধারণ করা হয় ১২০৭ কোটি ৪৫ লাখ টাকা। এতে তিতাস গ্যাস বোর্ড ২০১০ সালে ১৯ অক্টোবর অনুমোদন দেন। ওই বছরের ২৫ অক্টোবর অনুমোদনের বিষয়টি পেট্রোবাংলা, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়। চলতি বছরের ২৪ মার্চ পেট্রোবাংলা এই প্রকল্পের আলাদা মূল্য নির্ধারণ করে। ২০১১ সালের ৬ জানুয়ারি প্রকল্পের জন্য ২৬৮ কোটি ২০ লাখ টাকা অনুমোদন চূড়ান্ত করা হয়। এটা ইএজিএমের মাধ্যমে অনুমোদনের জন্য এ বছরের ২৪ মে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ‘প্রাইস সেনসেটিভ ইনফরমেশন’ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিতাসের শেয়ারহোল্ডার মো. আলাউদ্দিন ও আবু সাঈদ ২৩ জুন রিট করেন। রিটের ওপর শুনানি নিয়ে আজ আদালত এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান, পেট্রোবাংলার পক্ষে এম জহির এবং তিতাস গ্যাসের পক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মামলা পরিচালনা করেন।