তিতাস গ্যাসের মিটার রিডারদের দুর্নীতি তদন্ত করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাসের মিটার রিডার ও অভিযুক্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে জাতীয় সংসদের বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি। এ জন্য কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরীকে প্রধান করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। সভায় তিতাস গ্যাসের মিটার রিডার ও কয়েকজন কর্মকর্তার দুর্নীতি নিয়ে আলোচনা করা হয়।সভায় বলা হয়, এসব কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকার মালিক হয়েছেন। এর মধ্যে রাজধানীর লালমাটিয়া গ্যাস অফিসের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। দুর্নীতির অভিযোগের সঙ্গে বিভিন্ন তথ্যপ্রমাণও কমিটির কাছে পাঠানো হয়েছে। প্রায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।সভায় গ্যাসের সিস্টেম লস নিয়ে আলোচনা হয়। সভায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কারণে গ্যাসের অপচয় বেশি হওয়ায় এর পরিবর্তে গ্যাস সিলিন্ডারকে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, ২০১২ সাল নাগাদ দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি গ্যাস বিদেশ থেকে আমদানি করা হবে।সভায় ভোলায় মজুদকৃত গ্যাস দিয়ে শিল্পভিত্তিক জোন গড়ে তোলার সুপারিশ করা হয় এবং ভোলায় মজুদকৃত গ্যাস দেশের কল্যাণে ব্যবহারের সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, বিদ্যুত্ উত্পাদনের বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদ্যুত্ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা আগামী ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জার্মানি সফর করবে।বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, আবদুল মতিন খসরু, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস এবং আবদুল্লাহ আল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।