তিতাস নদীতে স্পিডবোট সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষে মন্টু দেবনাথ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার করিম শাহ মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মন্টু দেবনাথ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের নবীনগর জোনাল অফিসের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ‘দৈনিক প্রথম আলো’র নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথের মামা।স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি স্পিডবোট উপজেলার করিম শাহ মাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি স্পিডবোট উল্টে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক মুন্সি, মন্টু দেবনাথসহ অন্তত পাঁচজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মন্টু দেবনাথকে মৃত ঘোষণা করেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।