তিতাস যেভাবে খুন হতে যাচ্ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন হতে চলেছে তিতাস! অদ্বৈত মল্লবর্মণের তিতাস নদী। ঋত্বিক ঘটকের সিনেমার উপজীব্য তিতাস। ২ জানুয়ারি, ২০১২। মরণাপন্ন তিতাসকে দেখতে ছুটেছি আখাউড়ার পথে। সঙ্গী আলোকচিত্রী সৈকত ভদ্র। ব্লগে, সংবাদমাধ্যমে তিতাসকে নিয়ে আহাজারি চলছে। তিতাসের বুক চিরে তৈরি হয়েছে বিকল্প রাস্তা। আর সেই রাস্তাই তিতাসের গলার ফাঁস। ভারতের ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী ট্রেইলার চলাচলের জন্যই তিতাসের বুক চিরে তৈরি হয়েছে এই রাস্তা। আখাউড়া যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া শহরে কাটল একটা সন্ধ্যা। আখাউড়া শহর থেকে কাছেই গোকর্ণঘাট। কালজয়ী সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্মভূমি, তিতাসপারের মালোপাড়া। মেঘলা বিকেলে গেলাম সেখানে। আগের দিনই ছিল অদ্বৈতর জন্মদিন। সে উপলক্ষে চির অভাবী মালোপাড়ায় ক্ষণিক উৎসবের রেশ। আগের দিনই অদ্বৈত মল্লবর্মণের আবক্ষ মূর্তি বসানো হয়েছে মালোপাড়ায় ঢোকার পথে। ফেরার পথে দেখলাম খোলা মাঠে তিতাস একটি নদীর নাম ছবির প্রদর্শনী চলছে। বড় পর্দায় সেকালের তিতাসের রূপ দেখতে দেখতে তিতাসের জন্য মনের ভেতরের আহাজারিটাই বাড়ছিল শুধু। পরদিন সকাল সকাল রওনা আখাউড়ার পানে। কোড্ডা বাঁধ এলাকায় গিয়ে আমরা নামি। তিতাসের বুক চিরে চলে যাওয়া লালমাটির রাস্তাটা দেখে বুকে ধাক্কার মতো লাগে। তিতাসের এই রূপ চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। বুকভরা ঢেউ নেই। শুধু চোখে পড়ে তিতাসের বুকে গজিয়ে ওঠা রাজ্যের কচুরিপানা; কচুরিপানাখেকো গরুর পাল, একটা নিঃসঙ্গ বক, নদীর বুকে জেগে ওঠা চরে ইরি ধান লাগাতে ব্যস্ত কৃষককুল আর দু-তিনটি ট্রাক্টর।নদীর মাঝ দিয়ে তৈরি বিকল্প সড়কের বিরূপ প্রতিক্রিয়া পড়েছে তিতাসপারের বিভিন্ন এলাকায়। তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ক্ষতি হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমির। নৌপথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। বিকল্প রাস্তার পাশেই ভেড়ানো ছিল একটা মালবাহী নৌকা। নৌকার নাম ভাগ্যলক্ষ্মী। একদল মাঝি মুখ বেজার করে বসেছিল নৌকায়। আমরা তাদের অভাব-অভিযোগ শুনি। তিতাসপারের মানুষের সঙ্গে কথা বলি। তাদের বেদনা আমাদের মাঝেও সংক্রমিত হয় এবং আমরা ভীষণ অসহায় বোধ করতে থাকি। কারণ, পত্রিকায় লেখালেখিতে সত্যিই কাজ হয় কি না, এ নিয়ে আমাদের মনেও ঘোরতর সন্দেহ। সরকারের টনক নড়ানো যে কত কঠিন, সে আমরা বিলক্ষণ জানতাম। আখাউড়া থেকে ঢাকায় ফিরছি। তিতাস গাঙের ম্লানমুখ মাঝিদের মুখ শুধু চোখে ভাসছে। যে বুড়ো মানুষটা ঘরের রোয়াকে বসে নির্নিমেষ চেয়েছিল তিতাসের শুকনো বুকের দিকে, তাকেও ভুলতে পারি না। ৭ জানুয়ারি ছুটির দিনের প্রচ্ছদ প্রতিবেদন হিসেবে প্রকাশিত হলো তিতাস একটি নদীর নাম। প্রচ্ছদের ছবিটা দেখলেই বুক হু হু করে। এর নাম নদী! এমন করে নদীর মাঝে বাঁধ দিয়ে রাস্তা বানানোর কথা কেউ ভাবতে পারে!! শনিবার ছুটির দিনে পাঠকদের কাছে পৌঁছে গেছে। প্রতিবেদনের টুকটাক প্রশংসা শুনছি চেনা সহকর্মী আর অচেনা পাঠকদের কাছে। কিন্তু বিশেষ আনন্দিত হতে পারছি না। স্বদেশ চন্দ্র আর সদীপ দাশের মতো মাঝিমাল্লার করুণ মুখ তখনো মন থেকে মুছে যায়নি। আর এই বিশ্বাসও তখনো দৃঢ় যে লেখালেখিতে বিশেষ কাজ হয় না। সহকর্মী সিমু নাসের প্রতিবাদী তরুণ। তিনি ছুটির দিনের প্রচ্ছদ প্রতিবেদন পড়ে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এক বিকেলে, ওই প্রাণসংহারি বাঁধ সরানোর বিষয়ে তাঁর গোপন পরিকল্পনার কথা শুনলাম। একদল সাহসী তরুণ যাবে আখাউড়া। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই বাঁধ কেটে দিয়ে সটকে পড়বে তারা। পুরো বাঁধ কাটার প্রয়োজন নেই। বাঁধ কাটার চেষ্টা হবে আসলে একধরনের প্রতীকী প্রতিবাদ। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের অভিনব প্রচেষ্টা। সিমু নাসেরের পরিকল্পনা ভালো লাগল। কিন্তু আমার সাংবাদিকতার শিক্ষা পথ আটকাল। গ্রন্থগত বিদ্যামতে, সাংবাদিক শুধুই সমাজের ‘ওয়াচডগ’। মানুষকে সতর্ক করা ওয়াচডগের কাজ। কিন্তু নিজেই গিয়ে দুষ্কৃতকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ার শিক্ষা সাংবাদিকতা দেয় না। দোনামনার মধ্যে কয়েকটা দিন কাটল। সিমু নাসের আর তাঁর সঙ্গী তরুণেরা সম্ভবত আখাউড়া যাওয়ার তোড়জোড় শুরু করেছে। এর মধ্যেই এক সন্ধ্যায় আখাউড়া প্রতিনিধি দুলাল ঘোষের ফোন—‘ভাই, বাঁধ তো কাটা শুরু হয়ে গেছে।’ বলে কী? কানে কি ভুল শুনলাম? ভুল নয়। খানিক পরেই বার্তা বিভাগ থেকে ফোন—‘দ্রুত অফিসে আস’। ছুটলাম অফিসে। আখাউড়া থেকে প্রতিবেদন পাঠিয়েছেন দুলাল ঘোষ। সত্যিই কাটা শুরু হয়েছে সর্বনাশা বিকল্প রাস্তা। ১১ জানুয়ারি প্রথম আলোর পাতায় প্রকাশিত হলো সে খবর—‘বেঁচে গেল তিতাস’। সাংবাদিকের লেখালেখিতে তবে সত্যিই খানিকটা কাজ হয়! খুব বিশ্বাস করতে ইচ্ছে করল।