তিতাসে গাজপ্রমের কূপ খনন শুরু হলো দুই মাস দেরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস দেরি করে তিতাস গ্যাসক্ষেত্রে ২০ নম্বর কূপটির খননকাজ শুরু করেছে রাশিয়ার কোম্পানি গাজপ্রম ইন্টারন্যাশনাল। গতকাল শনিবার দুপুরে তিন হাজার ৬১১ মিটার গভীরতা পর্যন্ত কূপটির খনন শুরু করা হয়। তবে তার আগে বিজিএফসিএলকে দুর্ঘটনা বিমাপত্র দেয়নি গাজপ্রম।এর আগে গত বুধবার যন্ত্রপাতিসহ সমগ্র খননব্যবস্থাটি (ড্রিলিং সিস্টেম) পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষামূলক খনন শুরু করা হয়েছিল। তিতাস গ্যাসক্ষেত্রের পরিচালক কোম্পানি— বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, পরীক্ষামূলক খননে কোথাও কোনো ত্রুটি ধরা পরেনি। তাই পরীক্ষামূলকভাবে খনন শুরু করা কূপটিই মূল কূপ হিসেবে খনন করা হচ্ছে।বিমার বিষয়ে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘আমরা গাজপ্রমের কাছে বিমাপত্রসহ সব কাগজ চেয়েছি। কয়েক দিনের মধ্যে তারা সেগুলো দেবে বলে জানিয়েছে।’ দেশে চাহিদার তুলনায় গ্যাসের ক্রমবর্ধমান সরবরাহ-সংকট মোকাবিলায় সরকার দ্রুততার সঙ্গে ১০টি নতুন কূপ খননের জন্য গাজপ্রমের সঙ্গে প্রায় ১৯ কোটি ২০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি করে। সে অনুযায়ী তিতাসের এই কূপটির খননকাজ শুরু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরের মধ্যে। কিন্তু খননযন্ত্র (রিগ) ও আনুষঙ্গিক উপকরণ আনতে বিলম্ব হওয়ায় খননকাজ পিছিয়ে যায়। এ কারণে কূপটি খননের জন্য রিগ স্থাপন শেষ করেও প্রায় দুই সপ্তাহ বসে ছিলেন গাজপ্রমের লোকজন। এতে তাদের চেয়ে বাংলাদেশের ক্ষতি হয়েছে বেশি। কেননা, দুই মাস আগে এই কূপটির গ্যাস জাতীয় গ্রিডে এলে চলতি সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ উৎপাদন কিংবা গ্যাসসংকটে বিপর্যস্ত চট্টগ্রামে আরও কিছুটা বেশি গ্যাস সরবরাহ করা যেত।কূপটি খননে কত দিন লাগবে— জানতে চাইলে সেখানে কর্মরত গাজপ্রমের খনন তত্ত্বাবধায়ক রুস্তম ডি জালালভ বলেন, এই গভীরতার একটি কূপ খননে তাঁরা ৫৬ দিন সময় নেন। তবে তাঁরা চেষ্টা করবেন এর চেয়ে কম সময়ের মধ্যেই কাজটি শেষ করতে।দেশে বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ২৮০ কোটি ঘনফুট। উৎপাদন হচ্ছে ২২৬ কোটির মতো। চাহিদা ক্রমেই বেড়ে চলায় পেট্রোবাংলা উত্তোলন বাড়ানোর জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে। তার অংশ হিসেবে বিজিএফসিএল তিতাস গ্যাসক্ষেত্রেই দুই বছরে ১০টি উন্নয়ন কূপ খননের কাজ হাতে নিয়েছে।এর মধ্যে বাপেক্স একটি (১৭ নম্বর) কূপটির খনন শেষ করেছে। শিগগিরই ১৮ নম্বর কূপের খননকাজও তারা শুরু করবে। গ্যাজপ্রম এই বছরের মধ্যেই করবে চারটি কূপ (১৯, ২০, ২১ ও ২২ নম্বর)। এর মধ্যে ১৭, ১৮ এবং ২০ ও ২১ নম্বর কূপ থেকে আগামী জুনের মধ্যে প্রায় ১০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় তিতাসে আরও চারটি উন্নয়ন কূপ খনন করা হবে আগামী বছর। বাপেক্সের করা ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের তথ্য-উপাত্ত অনুযায়ী এই কূপগুলো খননের স্থান নির্ধারণ করা হয়েছে।