তিতাসের কান্না!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলা এবং কুমিল্লার হোমনা উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত তিতাস নদী মরে যাচ্ছে ক্রমেই। পলি জমে কমে আসছে নদীর গভীরতা। অনেকে নদীর উভয় তীর ভরাট করে বোরো চাষের জমি তৈরি করছেন। কেউ কেউ বানাচ্ছেন মাছের ঘের।এতে একসময়ের খরস্রোতা এ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। শুকিয়ে যাচ্ছে নদীসংলগ্ন খাল। এর বিরূপ প্রভাবে তীরবর্তী বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা দিয়েছে সেচসংকট।জানা গেছে, বাঞ্ছারামপুরের কালিকাপুর এবং হোমনার শ্রীমদ্দি গ্রামের সীমানা দিয়ে মেঘনা নদী থেকে তিতাস নদী শুরু হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার দূরে ঘাগুটিয়া লঞ্চঘাট এলাকায় এসে নদীটি দুটি ভাগে ভাগ হয়েছে। একটি অংশ বাঞ্ছারামপুরের ওপর দিয়ে পাইকারচর, আসাদনগর খাল্লা হয়ে আবার মেঘনা নদীতে গিয়ে মিশেছে। অপর অংশ ভুরভুরিয়া, গঙ্গানগর, নতুন ইমামনগর, নবীনগর উপজেলার বিটিবিশারা, ধরাভাঙ্গা গ্রাম হয়ে মেঘনা নদীতে পড়েছে। হোমনার পশ্চিম অঞ্চল থেকে পূর্ব দিকে শ্রীমদ্দি, হোমনা সদর, রামচন্দ্রপুর দিয়ে সরু হয়ে গেছে। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ তিতাস নদীতে অর্ধশতাধিক সংযোগ খাল রয়েছে। এসব খালের পানি দিয়ে ১০ হাজারের বেশি একর জমিতে বোরো চাষ করেন এলাকার কয়েক হাজার কৃষক। সরেজমিনে দেখা গেছে, কিছু লোক মজুর দিয়ে উঁচু খেত থেকে মাটি নিয়ে নদীর তীরে ফেলে জমি দখল করে খেত বানাচ্ছেন। বাঁশের বেড়া বা খুঁটি পুঁতে জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। এভাবে নদীর তীর ভরাট করে জমি দখল করায় ব্যাহত হচ্ছে সেচ।ফরদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আমনি নগরের সেচব্যবস্থার দায়িত্বে থাকা মো. হানিফ (৪৫) বলেন, ‘জমিতে পানি দেওনের লাইগ্যা কখন জোয়ার আইব, সেদিকে চাইয়া থাকন লাগে। জোয়ার আওন ছাড়া সেচের কোনো পথ নাই।’ নদীর জমি দখলের সঙ্গে তীরবর্তী গ্রামের প্রভাবশালী লোকজন জড়িত। প্রশাসন এসব দখলদারের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।দখলদারদের একজন বাজিবিশারা গ্রামের ফিরোজ মিয়া বলেন, ‘গ্রামের হগলেই গাঙ্গের পাড়ে মাটি ফালাইয়া জমি বাড়াইতাছে। আমিও ১৬ শতক জমি বাড়াইছি। ভূমি অফিসের লোকজন মাঝেমইধ্যে আইলে হেরারে কিছু খরচপাতি দিলে চইলা যায়।’হাসননগর গ্রামের আলম মিয়া বলেন, ‘এটা বড় নদী আছিল। হগলে (সবাই) ভরাট করে দেইখা (দেখে) আমিও একটু ভরাট করছি।’বাঞ্ছারামপুর সদর ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বলেন, নদী দখল হচ্ছে বেশ কয়েক বছর ধরে। এ দখলের প্রক্রিয়া কারও পক্ষে এককভাবে বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রশাসনসহ এলাকার মানুষের সম্মিলিত চেষ্টা দরকার। এটি বন্ধ হওয়া দরকার।নবীনগরের রতনপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম বলেন, দখলের বিষয়টি সবাই জানে। এখনই দখলের প্রক্রিয়া বন্ধ না হলে তিতাস হারিয়ে যাবে।বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল আমিন পাটওয়ারী বলেন, নদীর নাব্যতা কমে যাওয়ায় সেচকাজ ব্যাহত হচ্ছে। কোনো কোনো অংশে সেচ দেওয়া বেশ কঠিন। নদীর নাব্যতা বৃদ্ধি পেলে বোরো চাষের জমিতে সেচকাজ যেমন সহজে করা যাবে, নদীতে পানির প্রবাহও বাড়বে।বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ খান বলেন, তিতাস নদী দখল করে যেভাবে জমি বানানো হচ্ছে, এতে ক্রমশ মরে যাচ্ছে নদী। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ দখলের প্রক্রিয়া বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন।