তিতাসের গ্যাস উদিগরণ শিগগিরই বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় ও সমৃদ্ধ গ্যাসক্ষেত্র তিতাসের মাটি ফুঁড়ে গ্যাস উদিগরণ শিগগিরই বন্ধ হচ্ছে না। তবে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ ও এলাকাবাসীর বক্তব্য—উদিগরণের মাত্রা কিছুটা কমে এসেছে। একেবারে বন্ধ হতে হয়তো আরও কয়েক বছর লাগবে।ঢাকা থেকে প্রায় ১১০ কিলোমিটার পূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরসংলগ্ন প্রায় ১৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তিতাস গ্যাসক্ষেত্রের অবস্থান। সরকারি কোম্পানি— বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) পরিচালনাধীন এই ক্ষেত্রের প্রায় চার বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাত বছর ধরে গ্যাস উদিগরণ হচ্ছে।গত ২৭ ফেব্রুয়ারি উদিগরণ এলাকার বাকাইল, আনন্দপুর ও শ্যামপুর গ্রাম এবং লইস্কার বিল সরেজমিনে ঘুরে দেখার সময় এলাকাবাসী বলেছেন, গ্যাস ওঠা কিছুটা কমেছে। এই প্রতিবেদক এর আগে ২০০৮ সালের ২৬ এপ্রিল ও ২৪ জুলাই এবং ২০১০ সালের ২৪ ডিসেম্বর সরেজমিনে গ্যাস উদিগরণের যে পরিস্থিতি দেখেছিলেন, এবার তার মাত্রা কিছুটা কম দেখা গেছে।আগের মতো এবার মাঠের মধ্যে কোথাও কোথাও অনির্বাণ আগুন জ্বলতে দেখা যায়নি। তিতাস নদীর বুকে গ্যাস উদিগরণজনিত বুদ্বুদ দেখা গেছে আগের চেয়ে কম। উদিগরণ হওয়া গ্যাসের ওপর নির্ভর করে গড়ে ওঠা কারখানাগুলোর অধিকাংশ যথেষ্ট গ্যাস না পাওয়ায় বন্ধ হয়ে গেছে। অবশ্য নিরাপত্তাজনিত কারণে ওই গ্যাস ব্যবহারের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং কর্তৃপক্ষের কড়া নজরদারিও এর অন্যতম কারণ।তবে সেখানে গ্রামগুলোর প্রতিটি বাড়িঘরের মাটি ফুঁড়ে গ্যাস ওঠার আলামত আগের মতোই সুস্পষ্ট। এলাকাবাসী সব বাড়িতেই প্লাস্টিকের সরু পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা করে নিয়েছেন। নলকূপগুলো থেকেও আগের মতোই স্বয়ংক্রিয়ভাবে পানি ও গ্যাস বের হচ্ছে। ওই পানি ও গ্যাস সুষ্ঠুভাবে ব্যবহারের পদ্ধতিও গ্রামের লোকেরা উদ্ভাবন করে নিয়েছেন।কর্তৃপক্ষ ও গ্রামবাসীর পর্যবেক্ষণ: বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্যাস উদিগরণের পরিমাণ ও এলাকা দুই-ই আগের চেয়ে কমেছে। ওই এলাকা নিয়মিত পরিদর্শন ও তত্ত্বাবধান করেন কোম্পানির যে কর্মকর্তারা, তাঁরাও একই কথা বলেছেন। তবে গ্যাস উদিগরণ বন্ধ হতে আরও কয়েক বছর লাগতে পারে বলে তাঁদের ধারণা।তিতাস নদীর পশ্চিম পারের বাকাইল এবং পূর্ব পারের আনন্দপুর ও শ্যামপুর গ্রাম পরিদর্শনের সময় সেখানকার বাসিন্দা রজব আলী, জৈতন বেগম, হাদিস মিয়া, আনোয়ার হোসেন, আমেনা বেগম ও মরিয়ম খাতুন জানান, গ্যাস ওঠা একটু কমেছে। ওই এলাকার জন্য বিজিএফসিএলের নিয়োগ করা পর্যবেক্ষণকারী (ওয়াচম্যান) শের আলী এবং বেলাল মিয়ার পর্যবেক্ষণও একই। তবে এখনো যতটা গ্যাস এবং স্বয়ংক্রিয়ভাবে যতখানি পানি উঠছে, তাতে তাঁদের এই দুটি অপরিহার্য সামগ্রীর কোনো ঘাটতি এখন পর্যন্ত পড়ছে না।ঘটনার শুরু: তিতাস নদীর বুক, পার্শ্ববর্তী মাঠ, প্রান্তর ও বাড়িঘরের মাটি ফুঁড়ে গ্যাস উদিগরণ শুরু হয় প্রায় সাত বছর আগে, ২০০৬ সালে। শুরুতে গ্যাস ওঠার পরিমাণ ও চাপ কম থাকায় বিশেষ কারও নজরে আসেনি। এরপর তা ক্রমান্বয়ে বাড়তে থাকে। প্রায় পাঁচ বছর আগে উদিগরণের মাত্রা বাড়ে এবং চার বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। তখন বিজিএফসিএল বিষয়টি আমলে নেয় এবং এর কারণ নির্ণয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে।পরীক্ষা-নিরীক্ষা করে ওই কমিটি বলেছিল, গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ থেকে ছিদ্রপথে মাটির নিচে গ্যাস ছড়িয়ে পড়ছে। কূপটি খননের সময় এর টিউবের চারপাশ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়ার কাজটি ঠিকমতো না হওয়াই এর কারণ। ফলে গ্যাস উদিগরণের কারণ হিসেবে ১০ নম্বর কূপ চিহ্নিত করে সেটি মেরামত ও পুনর্বাসনের (ওয়ার্কওভার) সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছুদিন পর পেট্রোবাংলা ওই সিদ্ধান্ত পরিবর্তন করে কয়েকজন ভূতত্ত্ববিদ ও প্রকৌশলীর সুপারিশে। তাঁরা গ্যাস উদিগরণের কারণ হিসেবে বলেছিলেন ৩ নম্বর কূপ থেকে ছিদ্রপথে মাটির নিচে গ্যাস ছড়িয়ে পড়ার কথা।এ অবস্থায় পেট্রোবাংলা ৩ নম্বর কূপের ওয়ার্কওভারের কার্যক্রম গ্রহণ করে। এ জন্য মার্কিন বিশেষজ্ঞ কোম্পানি ‘কুটস অ্যান্ড বুটস’কে নিয়োগ করা হয়। তারা ২০০৮ সালের জানুয়ারি মাসে ৩ নম্বর কূপটি সম্পূর্ণ বন্ধ (কিল) করে দেয়।আরও একটি প্রতিবেদন: এর তিন বছর পরও গ্যাস উদিগরণের মাত্রা কমার কোনো লক্ষণ না দেখে অন্য একটি প্রকল্পের আওতায় আবার বিষয়টি পরীক্ষা করানো হয়। অস্ট্রেলীয় কোম্পানি—অ্যাডভান্সড ওয়েল টেনোলজিস্ট গ্যাসক্ষেত্রটির সব কূপের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন দেয়। তাতেও বলা হয়, গ্যাস উদিগরণে ৩ নম্বর ছাড়া অন্য কোনো কূপের সংশ্লিষ্টতা নেই।কিন্তু বাপেক্স সম্প্রতি যে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করেছে, তাতে দেখা যায়, যে এলাকায় উদিগরণ হচ্ছে, সেখানে স্বল্প গভীরতায় গ্যাসের স্তর রয়েছে, যা ক্ষেত্রটির অন্য কোথাও নেই। এ থেকে কোনো বিশেষজ্ঞ ধারণা করেন, উদিগরণ হওয়া গ্যাস ৩ নম্বর কূপের ছিদ্রপথে বের হয়ে আসা গ্যাস না হয়ে স্বল্প গভীরতার কোনো আলাদা গ্যাসস্তর হতে পারে। ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক কারণে ওই স্তরের গ্যাস বের হয়ে আসার পথ পেয়েছে। যদি তা-ই হয়, তাহলে ৩ নম্বর কূপটি বন্ধ করতে ব্যয় করা কয়েক শ কোটি টাকা এবং ওই কূপ থেকে দীর্ঘদিন যে গ্যাস পাওয়া যেত (দৈনিক প্রায় তিন কোটি ঘনফুট হিসাবে), তার পুরোটাই শেষ হয়ে যেত।তিতাসের ইতিহাস: ১৯৬২ সালে তৎকালীন পাকিস্তান শেল অয়েল কোম্পানি তিতাস গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। তখন এই ক্ষেত্রের মজুত নির্ধারণ করা হয়েছিল দুই ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এরপর ১৯৯২ সালে কানাডীয় কোম্পানি আইকেএম ক্ষেত্রটির মজুত পুনর্নির্ধারণ করে প্রায় চার টিসিএফ। আর বাপেক্সের ত্রিমাত্রিক জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, তিতাসে মোট গ্যাসের মজুত (গ্যাস ইন প্লেস) প্রায় ১০ টিসিএফ। এর মধ্যে প্রায় সাত টিসিএফ উত্তোলনযোগ্য, যা থেকে এখন পর্যন্ত তোলা হয়েছে তিন টিসিএফের মতো।বর্তমানে ক্ষেত্রটির ১৫টি কূপ থেকে প্রতিদিন গ্যাস তোলা হচ্ছে প্রায় ৪৫ কোটি ঘনফুট, যা বর্তমানে জাতীয়ভাবে প্রতিদিন ব্যবহূত গ্যাসের প্রায় ২০ শতাংশ। ক্ষেত্রটিতে আরও ১০টি নতুন কূপ খননের কার্যক্রম নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি বছরের মধ্যেই ছয়টি খননের কাজ শেষ হয়ে যাবে।