শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় কলেজ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ। শিক্ষার্থী প্রায় ৪৩ হাজার। বড় কলেজটির সমস্যাও অনেক বড়।শিক্ষার্থীর সংখ্যা রেকর্ডসংখ্যক। কিন্তু শিক্ষকের সংখ্যা অল্প। আবাসিক হোস্টেল আছে মাত্র তিনটি। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি মাত্র বাস। ক্লাস শেষ হলে বাদুড়ঝোলা হয়ে বাসে উঠতে হয় শিক্ষার্থীদের। কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালে। দীর্ঘ চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। নানামুখী সমস্যায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ব্যাহত হচ্ছে। ৪৩ হাজার শিক্ষার্থীকে পড়ান ১৭০ জন শিক্ষক: কলেজে ৪৩ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র ১৭০ জন। সূত্র জানায়, কোনো বিভাগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ১২ জন শিক্ষক নেই। তিন থেকে পাঁচজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, দর্শন, ইসলামী শিক্ষা, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগে। বাণিজ্য অনুষদের কার্যক্রমের অবস্থা আরও সংকটাপন্ন। নতুন প্রতিষ্ঠিত ফিন্যান্স বিভাগে স্থায়ী শিক্ষকের পদ না থাকায় অতিথি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। মার্কেটিং বিভাগে শিক্ষক রয়েছে মাত্র একজন। বাকি দুজন খণ্ডকালীন।একটি সূত্র জানায়, শিক্ষকেরা প্রায়ই দীর্ঘ সময় ছুটিতে থাকেন। এ কারণে ২০০৯-১০ শিক্ষাবর্ষে কোনো বিভাগেই ৫৫ থেকে ৬০টির বেশি ক্লাস হয়নি। ২২টি বিভাগের শ্রেণীকক্ষ ২৬টি: কলেজে ২২টি বিভাগে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এর মধ্যে ১৯টি বিভাগে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর এবং তিনটি বিভাগে স্নাতক পাস কোর্স পড়ানো হয়। তবে এসব বিভাগের শিক্ষার্থীদের পাঠদানের জন্য কলেজে শ্রেণীকক্ষ আছে মাত্র ২৬টি। শ্রেণীকক্ষস্বল্পতার জন্য প্রতিদিন সব বিভাগের প্রতিটি বর্ষের ক্লাস হয় না। জানা যায়, কলেজে বিজ্ঞান, কলা (মাস্টার্স ভবন) ও বাণিজ্য এই তিনটি ভবনে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। বিজ্ঞান ভবনে ১৩টি, বাণিজ্য ভবনে আটটি ও কলাভবনে মাত্র পাঁচটি শ্রেণীকক্ষ রয়েছে। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ক্লাস করার জন্য অপেক্ষা করেও কোনো শ্রেণীকক্ষ খালি না থাকায় প্রায়ই ক্লাস হয় না। ফলে নির্ধারিত সময় কোর্সও শেষ হয় না। কলেজে অন্তত ১৫টি নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা প্রয়োজন বলে জানান তাঁরা। দুটি বাসের একটি নিজস্ব, অন্যটি ভাড়ার: শিক্ষার্থীদের পরিবহনের জন্য আছে দুটি বাস। এর একটি নিজস্ব, অন্যটি ভাড়া করা। নিজস্ব বাসটির ৪৫টি আর ভাড়া করা দোতলা বাসের ৯০টি আসন। ফলে শিক্ষার্থীদের বাসে বাঁদুড়ঝোলা হয়ে বাসে উঠতে হয়। তা ছাড়া আট-দশটি রুট থেকে শিক্ষার্থীরা কলেজে এলেও কলেজের বাস চলে মাত্র তিনটি রুটে। ফলে বেশির ভাগ শিক্ষার্থীকেই কলেজের মূল ফটকে পাবলিক বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। গ্রন্থাগারে চারটি বেঞ্চ: বিশাল এই কলেজের একমাত্র গ্রন্থাগারটির অবস্থান বিজ্ঞান ভবনের নিচতলায়। গ্রন্থাগারে আছে সাকুল্যে চারটি বেঞ্চ। তাতে একসঙ্গে ৩০ জনের বেশি শিক্ষার্থী বসতে পারেন না। ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের রিয়াদ মাহমুদ জানান, সেমিনারে প্রয়োজনীয় অনেক বই পাওয়া যায় না। তা ছাড়া কক্ষটি এতটাই ঘিঞ্চি যে, বিদ্যুৎ চলে গেলে পড়ার কোনো উপায় থাকে না।বিভাগীয় সেমিনারগুলোরও অনেকটা একই অবস্থা। সেখানে পর্যাপ্ত পাঠ্য ও পাঠসহায়ক বই নেই। এমনকি সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ফাইন্যান্স ও মার্কেটিং বিভাগে কোনো সেমিনার কক্ষ নেই বলে শিক্ষার্থীরা জানান। ১৫ হাজার ছাত্রীর একটি কমনরুম: কলেজে ছাত্রীদের জন্য তিনটি কক্ষের একটি ‘কমনরুম’ রয়েছে। এই কক্ষে ছাত্রীদের বসার জায়গা খুবই কম। একসঙ্গে বড় জোর ৪০ জন বসা যায়। ইংরেজি চতুর্থ বর্ষের মাহজাবিন লাকির অভিযোগ, কমনরুমের ভেতরে ছাত্রীদের জন্য দুটি টয়লেট থাকলেও একটি পরিত্যক্ত। তাই অন্য টয়লেটে যাওয়ার জন্য লাইন দিয়ে অপেক্ষা করতে হয়। তা ছাড়া হাতমুখ ধোয়ার বেসিন নেই। বিশুদ্ধ খাওয়ার পানিরও ব্যবস্থা সেখানে নেই। কলেজের আতঙ্ক মশা! কলেজের চতুর্থ বর্ষের ছাত্র তৌকির আহমেদ জানান, ‘শ্রেণীকক্ষে মশা এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে। মশার কামড়ে ক্লাসই করা যায় না।’ সরজমিনে ঘুরে দেখা যায়, বিজ্ঞান ভবনের পূর্ব ও উত্তর পাশে, কলা ভবনের উত্তর, পূর্ব ও পশ্চিম পাশে এবং বাণিজ্য ভবনের পশ্চিম পাশে ঝোপঝাড় রয়েছে। এগুলো মশার আসাবস্থলে পরিণত হয়েছে। তবে কর্তৃপক্ষ জানান, সিটি করপোরেশন নিয়মিত মশার ওষুধ ছিটাচ্ছে।তিনটি হোস্টেলে থাকেন এক হাজার শিক্ষার্থী: কলেজের ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য দুটি হোস্টেল রয়েছে। এতে সর্বোচ্চ এক হাজার শিক্ষার্থী থাকতে পারেন। আশপাশের মেসগুলোতে কোনো রকমে অন্যদের থাকতে হয়।জানা যায়, ছাত্রদের হোস্টেলে (আঁখি হল নামে পরিচিত) কক্ষ আছে ৪৪টি। প্রত্যেক কক্ষে আটজন করে ছাত্র থাকার কথা থাকলেও থাকছেন ১২ থেকে ১৩ জন। হোস্টেলে আসন পেতেও ছাত্রলীগের আস্থাভাজন হতে হয়। মিছিল-মিটিংয়ে অংশ না নিলে হোস্টেলে থাকতে সমস্যায় পড়তে হয় বলে ছাত্রদের অভিযোগ। এ ছাড়া হলের ক্যান্টিনে খুবই নিম্নমানের খাওয়ার পরিবেশন করা হয়। বাথরুম, টয়লেট সব সময়ই নোংরা ও দুর্গন্ধময় থাকে।ছাত্রীদের দুটি হোস্টেলের মধ্যে নতুন হোস্টেলে কক্ষ ২৪টি। প্রতি কক্ষে ছয়জন করে থাকছেন। এ হোস্টেলের ছাত্রীরা তুলনামূলকভাবে ভালো আছেন। সিরাজ হোস্টেলেও ছাত্রীদের আসন-সংকট তেমন প্রকট না হলেও পরিবেশ অত্যন্ত নোংরা। নিচতলার মেয়েরা দুর্গন্ধের মধ্যে দিনের পর দিন থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। সম্প্রতি সঞ্চিতা রানী সিং ও হূদিকা উম্মে হিমু নামে দুজন ছাত্রীকে হাসপাতালেও ভর্তি করা হয়। কিন্তু হল প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অধ্যক্ষের ভাষ্য: বিদ্যমান সমস্যা সম্পর্কে কলেজের অধ্যক্ষ জাফর হোসেন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমি যখন কলেজের অধ্যক্ষের দায়িত্বে আসি, তখন মাত্র ৯৯ জন শিক্ষক ছিলেন। বর্তমানে শিক্ষক ১৭০ জন। আরও ৩০-৪০ জন শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। শ্রেণীকক্ষ-সংকট প্রসঙ্গে তিনি বলেন, নতুন ভবন নির্মাণ না হলে শ্রেণীকক্ষ-সংকট কাটবে না। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে।শিগগিরই কলেজে আরও দুটো বাস আসবে বলে অধ্যক্ষ জানান। তখন শিক্ষার্থীরা কলেজের বাসেই যাতায়াত করতে পারবেন। তিনি হোস্টেলে কক্ষ-সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, হোস্টেলে কিছু সমস্যা রয়েছে। দুর্গন্ধ রোধে হোস্টেল প্রশাসন নিয়মিত ব্যবস্থা নিচ্ছে।