রাঙামাটির বাঘাই-ছড়ি উপজেলার মারিশ্যায় রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের পাঁচ কর্মীর অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা পার্বত্য ্তচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে পুলিশ ধারণা করছে। তবে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহূত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর একটি ব্রিগেড উদ্ধার অভিযান তত্ত্বাবধান করছে।পুলিশ সূত্র জানায়, টেলিটকের পাঁচ কর্মীকে অপহরণের পর প্রথমে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা। সর্বশেষ গত বৃহস্পতিবার খাগড়াছড়িতে দুই পক্ষের মধ্যে মুক্তিপণ নিয়ে দর-কষাকষি হয়। কিন্তু মুক্তিপণের টাকা ৪০ লাখ থেকে এক লাফে বেড়ে তিন কোটি টাকা হওয়ায় বৈঠক ভেস্তে যায়। খাগড়াছড়ি সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে কোনো এক গোপন জায়গায় বৈঠক হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বৈঠকের বিষয়টি জানানো হয়নি। পাঁচ দিন পেরিয়ে গেলেও অপহূত ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘অপহরণকারীদের মধ্যে তিনজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। তবে অভিযানের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করছি না। তারা পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সংগঠনের সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি।’ ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইউপিডিএফ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অপহরণকারীরা প্রথম দিকে পাঁচজনকে খাগড়াছড়ির গহিন পাহাড়ে লুকিয়ে রাখে। সেনা-বিজিবি ও পুলিশের অভিযানের কারণে ঘন ঘন স্থান বদল করে তাঁদের এখন রাঙামাটির নানিয়ারচর এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। ২০০১ সালের ফেব্রুয়ারিতে রাঙামাটি থেকে ডেনমার্কের দুজন ও ব্রিটেনের একজন প্রকৌশলীকে অপহরণ করে এই নানিয়ারচরের গহিন পাহাড়ে লুকিয়ে রাখা হয়। বড় অঙ্কের মুক্তিপণের বিনিময়ে ২৭ দিন পর ওই তিনজন ছাড়া পেয়েছিলেন। নানিয়ারচর অপহরণকারীদের জন্য নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। রাঙামাটি জেলা পুলিশ সুপার বলেন, ‘অপহূত ব্যক্তিদের উদ্ধারে আমরা সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছি। আমাদের অনুরোধে সেনাবাহিনী অপহরণকারীদের গতিবিধি ও অপহূত ব্যক্তিদের অবস্থান পর্যবেক্ষণ এবং গহিন পাহাড়ে অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা দ্রুত তাঁদের উদ্ধারের ব্যাপারে আশাবাদী।’ বাঘাইহাট অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, টেলিটকের পাঁচ কর্মীকে উদ্ধারে একজন ব্রিগেডিয়ার জেনারেলের তত্ত্বাবধানে সেনাবাহিনী কয়েকটি দলে বিভক্ত হয়ে গহিন পাহাড়ে সেনা অভিযান চালাচ্ছে। সন্ত্রাসীরা ঘন ঘন অবস্থান বদল করায় সময় লাগছে। টেলিটকের অপহূত কর্মী মো. মুজিবুর রহমানের বাবা আবদুল খালেক বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে আমি আমার ছেলেকে ফেরত চাই।’ গত সোমবার বেলা দুইটার দিকে টেলিটকের পাঁচ কর্মকর্তা বাঘাইছড়ি উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে পাহাড়ি জনপদ বারিবিন্দুঘাটে একটি টাওয়ারের কাজ করছিলেন। এ সময় তিনজন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের কাজ বন্ধ করতে বলে। পরে সন্ত্রাসীরা তাঁদের পাহাড়ি জনপদ রূপকারী গ্রামের দিকে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী বারিবিন্দুঘাটের মাঝি হিরণ্ময় চাকমা বলেন, ‘আমি অস্ত্রধারী তিনজনসহ টেলিটকের কর্মকর্তাদের কাচালং নদী পার করে দিয়েছি। আটজনই স্বাভাবিকভাবে হেঁটে রূপকারীর দিকে চলে যান।’ প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারী তিনজনই ছিলেন পাহাড়ি। তাঁদের হাতে একে-৪৭ রাইফেল ছিল। এ কারণে টেলিটকের সদস্যদের কেউ প্রতিবাদ করার সাহস পাননি।অপহূত ব্যক্তিরা হলেন টেলিটকের বি টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. হেমায়াত হোসেন ও মো. ইমরুল হোসেন, সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান।