তিন অফিসের গড়িমসিতে পানি সরবরাহ পাচ্ছে না ফুলবাড়ী পৌরবাসী
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বাসিন্দাদের পাইপলাইনে পানির সুবিধা দিতে জনস্বাস্থ্য অধিদপ্তর পৌর শহরের মাটির নিচে পাইপ বসিয়েছে। দুটি পাম্পও বসানো হয়েছে। প্রায় দুই বছর আগে পাইপ বসানো হলেও এখনো পানি পাচ্ছে না পৌরবাসী। পৌরসভা, পিডিবি ও জনস্বাস্থ্য অধিদপ্তর—এই তিন অফিসের গড়িমসিতে পৌর নাগরিকেরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৌর এলাকায় পানি সরবরাহের জন্য ১৯ লাখ ৩০ হাজার টাকার প্রকল্প বরাদ্দ দেয়। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার পৌর এলাকায় তিন কিলোমিটার পাইপ মাটির নিচে স্থাপন করেছেন এবং পৌরসভা অফিস চত্বর ও সরকারি কলেজ মাঠের দক্ষিণ কোণে দুটি পাম্পঘর তৈরি করেছেন।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, পাম্পে বিদ্যুত্সংযোগ নিতে পিডিবিকে প্রায় ৭৫ হাজার টাকা জামানত দিতে হবে। ওই টাকা তহবিলে নেই। পৌরসভা ও স্থানীয় বিদ্যুত্ অফিসের অসহযোগিতার কারণে জামানতের টাকা ফেরত চলে গেছে। এখন ওই টাকা ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী মো. শহীদুল ইসলাম বলেন, ‘পৌরসভার কাছে পিডিবি প্রায় ১০ লাখ টাকার বিদ্যুত্ বিল পাবে। দীর্ঘদিন ধরে ওই বিল পৌর কর্তৃপক্ষ পরিশোধ করছে না। এ কারণেই পিডিবি পানি সরবরাহ লাইনের পাম্পে বিদ্যুত্সংযোগ দিতে অনীহা দেখাচ্ছে।’পৌরসভার সহকারী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত সচিব) ভরত চন্দ্র পাল বিদ্যুত্ বিল ১০ লাখ টাকা বকেয়া থাকার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পৌরসভার তহবিল নেই। রাজস্ব আদায়ের টাকায় কর্মচারীদের বেতন হয় না, বিদ্যুত্ বিলের টাকা কীভাবে দেওয়া হবে। এ কাজের জন্য কিছু টাকা পিডিবিকে দেওয়া হয়েছে। এর পরও তারা সংযোগ দিতে গড়িমসি করছে।’আবাসিক প্রকৌশলী (বিদ্যুত্) আফজাল মো. হেলাল বলেন, ‘কিছুদিন হলো এখানে যোগদান করেছি। আগে কী হয়েছে জানি না, এখন জামানতের টাকা জমা দিলে নতুন সংযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’পৌরসভার মেয়র মো. শাহজাহান আলী সরকার বলেন, ‘অনেক চেষ্টা করেছি, কিন্তু পিডিবির প্রকৌশলী পাম্পে সংযোগ দিতে অনীহা দেখান। পিডিবি পৌরসভার কাছে বিদ্যুত্ বিল পাবে সত্য, পৌরসভাও তাদের কাছে টাকা পাবে। পৌর এলাকায় পিডিবির অসংখ্য খুঁটি আছে, এগুলোর খাজনা তারা দেয়নি। পৌর নাগরিকদের সুবিধার জন্য এ বিষয়গুলো সবার বিবেচনা করা উচিত।’