তিন আসামি জেলহাজতে, রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার তিন যুবককে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।আসামিরা হলেন: উপজেলার চরকাঁকড়া গ্রামের জাফর ইকবাল (২৭), হারুনুর রশীদ (৩২) ও আবদুল খালেক ওরফে মাছ খালেক (৩৭)। তাঁদের মধ্যে প্রথম দুজনকে গত রোববার ভোররাতে এবং তৃতীয়জনকে গতকাল দুপুরে চরকাঁকড়ার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, তিন আসামিকে গতকাল নোয়াখালীর বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে রিমান্ড আবেদনের শুনানি হবে জানিয়ে আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ওসি বিল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারের পর আসামিদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, মিলনকে পিটিয়ে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। তাই আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।এদিকে, নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলাম গতকাল কোম্পানীগঞ্জে যান। তবে তিনি মিলনের বাড়িতে কিংবা ডাকাতের গুলিতে নিহত রিকশাচালক মোশারফ হোসেন ওরফে মাসুদের বাড়িতে না গিয়ে শুধু যে স্থানে মিলনকে পিটিয়ে হত্যা করা হয়, সেই স্থান পরিদর্শন করেন। ফেরার আগে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলনের মায়ের জন্য ১০ হাজার টাকা আমজাদ হোসেনের কাছে দিয়ে আসেন। ইউএনও বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদুল ইসলামের মাধ্যমে মিলনের মায়ের হাতে ওই টাকা পৌঁছে দেন।যোগাযোগ করা হলে মিলনের মা কোহিনুর বেগম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘উপজেলাত্তুন এক অফিসার আই ডিসি সাবের কথা বলি ১০ হাজার টাকা দিই গেছে।’গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মিলনের মা কোহিনুর বেগম ৩ আগস্ট আদালতে মামলা করেন।