তিন আসামি ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যাকাণ্ডে দৃষ্টিপ্রতিবন্ধী মিনহাজ উদ্দিন, সোহাগ হোসেন ও ইয়াকুব আলীকে আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।মিরপুর থানা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড শেষে আবারও সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মিনহাজ, সোহাগ ও ইয়াকুব আলীকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত শনিবার রাতে অস্ত্রধারী দুই সন্ত্রাসী শাহ আলীবাগে জনতা হাউজিংয়ে ইয়াকুবের বাসায় ঢুকে খলিলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। অন্ধ সংস্থার নির্বাচনে পরাজিত মহাসচিব পদপ্রার্থী আইয়ুব আলীর সঙ্গে ইয়াকুবের বিরোধ নিয়ে এক বৈঠক বসে। বৈঠক চলার সময় তাঁকে গুলি করা হয়। ঘটনার পর মিনহাজ, ইয়াকুব ও সোহাগ হোসেনকে আটক করে পুলিশ। পরে তাঁদের আসামি করায় এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসলামউদ্দিন প্রথম আলোকে বলেন, রিমান্ডে মিনহাজ, সোহাগ ও ইয়াকুব দাবি করেন, হত্যার পেছনে আরেক দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলীর হাত ছিল। আইয়ুব আলী তিন দফা মহাসচিব পদে নির্বাচন করে খলিলের কাছে হেরে যান। কিন্তু তাঁরা কেউই হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করছেন না। রিমান্ডে তাঁরা অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে পুলিশ জানিয়েছে।তদন্ত কর্মকর্তা জানান, এ তিনজনই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে তাঁদের দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়েছে।নিহত খলিলের শ্যালক জায়েদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করছেন, নির্বাচনে পরাজিত হয়ে মিনহাজ ও আইয়ুব বৈঠকের নামে খলিলকে ইয়াকুবের বাসায় ডেকে নিয়ে খুন করেন। মামলার বাদী নিহত খলিলের স্ত্রী গাজী হাসিনা পারভীনও মামলায় সে কথা উল্লেখ করেছেন।