তিন আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে গতকাল সোমবার সকালে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করলেও মিলনকে পিটিয়ে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তবে মিলনকে হত্যার সঙ্গে যাঁরা সরাসরি সম্পৃক্ত ছিলেন, তাঁদের বেশ কয়েকজনকে তাঁরা চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। সেসব ব্যক্তির স্থিরচিত্র ও ভিডিওচিত্র দেখিয়ে তাঁদের শনাক্ত করা হয়েছে।রিমান্ডে নেওয়া আসামিরা হলেন চরকাঁকড়া গ্রামের জাফর ইকবাল (২৭), হারুনুর রশীদ (৩২) ও আবদুল খালেক ওরফে মাছ খালেক (৩৭)। উল্লেখ্য, গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে কিশোর মিলনকে নামিয়ে দিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তাঁরা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করেন। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মিলনের মা ৩ আগস্ট নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে পিটিশন মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ওই পিটিশন মামলাকে হত্যা মামলা হিসেবে রুজু করে। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।ডিবি সূত্র জানায়, এই মামলায় তাঁরা এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছেন। এর মধ্যে শাহ আলম নামের এক ব্যক্তি ১৪ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনকে অধিকতর তথ্য পাওয়ার আশায় গতকাল রিমান্ডে নেওয়া হয়েছে।