তিন আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় তিনজন আসামিকে আট দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁরা হলেন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ মাহফুজুর রহমান ওরফে নাহিদ, কাইয়ুম মিয়া ও এইচ এম কিবরিয়া।আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব-উল-আলম আকন্দ তিনজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তাঁদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ৯ ডিসেম্বর পুরান ঢাকার জজকোর্ট এলাকায় নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। ১১ ডিসেম্বর মূল হামলাকারী পাঁচজনের পরিচয় নিশ্চিত করে গণমাধ্যম। তাঁরা হলেন: মো. রফিকুল ইসলাম ওরফে শাকিল, মীর মো. নূরে আলম ওরফে লিমন, মোহাম্মদ মাহফুজুর রহমান ওরফে নাহিদ, মো. ইমদাদুল হক ও মো. ওবাইদুল কাদের। এর মধ্যে চাপাতি দিয়ে প্রথমে কুপিয়েছেন শাকিল। অন্যরা রড আর লাঠি দিয়ে পিটিয়েছেন বিশ্বজিৎকে। এই পাঁচজনসহ আরও পাঁচজনকে আসামি করা হয়। তাঁরা হলেন: ইউনুস, তাহসিন, জনি, শিপলু ও কিবরিয়া।খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বজিতের ওপর হামলাকারী ছাত্রলীগের ওই কর্মীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছিনতাই, মাদক সেবন, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। এর মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সাময়িক বহিষ্কার করেছিল দুজনকে। আবার দুজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলেও তাঁরা নিয়মিত ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশ নিতেন।