নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত গতকাল বুধবার এই রিমান্ড মঞ্জুর করেন।এদিকে ১৭ আসামি আগাম জামিন নেওয়ার চেষ্টা করেছেন। সূত্র জানায়, এর অংশ হিসেবে গতকাল হাইকোর্টের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদন করা হলেও পরে তা উত্থাপন করা হয়নি।গত ৮ অক্টোবর নাটোরের বনপাড়ায় বিএনপির মিছিলে হামলা চালিয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দিন দুপুরে তিনি মারা যান। পরদিন সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন। এতে আসামি হিসেবে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। পুলিশ গতকাল পর্যন্ত মাত্র চারজনকে গ্রেপ্তার করতে পেরেছে।বড়াইগ্রামের আদালত সূত্রে জানা গেছে, রাজধানী থেকে গ্রেপ্তার হওয়া আসামি আশরাফুল ইসলাম (৩৫), বাদশা (৩৪) ও লুৎফর রহমানকে (৩৫) পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য গতকাল দুপুরে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহামুদুল হাসান রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে।রিমান্ড আবেদনের শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, ঘটনার সময় ধারণ করা ভিডিওচিত্রে এই তিন আসামির ছবি রয়েছে। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অন্য আসামিদের অবস্থান জানা যাবে। ঘটনার রহস্যও উদ্ঘাটন হবে। রিমান্ড আবেদনের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা নির্দোষ। ভিডিওচিত্রের ছবি তাঁদের নয়। রিমান্ডে নেওয়া হলে আসামিরা নির্যাতনের শিকার হবেন। আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাঁরা। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড মঞ্জুরের পরপরই তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান আসামিদের নিজ হেফাজতে নিয়ে আদালত ত্যাগ করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে সানাউল্লাহ হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।এদিকে হাইকোর্ট সূত্রে জানা গেছে, সানাউল্লাহ হত্যা মামলার ১৭ জন আসামি গতকাল বিকেলে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। আসামিপক্ষে জামিনের আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল মান্নান মোহন। ইউসুফ হোসেন হুমায়ন প্রথম আলোকে বলেন, জামিন আবেদন করা হয়েছে। কিন্তু তা উত্থাপন করা হয়নি। আবদুল মান্নান মোহন বলেন, আসামিদের জামিন হয়নি।