তিন ইভ টিজারের মাথা মুড়িয়ে ও জুতার মালা পরিয়ে ঘুরানো হলো
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামে ২৬ নভেম্বর তিন ইভ টিজারের বিরুদ্ধে সালিসি বৈঠকের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। স্কুলছাত্রীকে ত্যক্তকারী তিন বখাটে যুবকের মাথার চুল কেটে ফেলা হয় এবং তাদের উত্তম মধ্যম দেওয়া হয়। এ ছাড়া তাদের গলায় জুতার মালা পরিয়ে উপজেলার সেনহাটী বাজারসহ দেড় কিলোমিটার রাস্তা ঘুরানো হয়।এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটী সরিষাপাড়া এলাকার সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে একই গ্রামের মুজিবর রহমানের ছেলে এনায়েত (২৫) প্রায়ই ত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর সন্ধ্যায় ত্যক্তকারী এনায়েতসহ তাঁর দুই বন্ধু আখের (২২) ও বাবু (২০) ওই মেয়ের বাড়ি থেকে তাকে তুলে আনতে যায়। মেয়ের পরিবারের সদস্যরা প্রতিরোধে এগিয়ে এলে বখাটেরা তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। এ সময় বখাটেদের হামলায় মেয়ের মাসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় ২৬ নভেম্বর সন্ধ্যায় সেনহাটী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান গাজী আবুল হালিমের সভাপতিত্বে এক সালিসি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিন বখাটে যুবককে অভিযুক্ত করে তাদের মাথার চুল কেটে উত্তম মধ্যম দেওয়া হয়। এরপর বখাটে যুবক এনায়েত (২৫), আখের (২২) ও বাবুর (২০) গলায় জুতার মালা পরিয়ে ইউনিয়ন পরিষদ থেকে সেনহাটী বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা ঘুরানো হয়।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গাজী আবুল হালিম প্রথম আলোকে বলেন, ‘আমরা সামাজিকভাবে সমাজের সবাইকে নিয়ে বসে ইভ টিজিংয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূলের চেষ্টা করছি।’