তিন উপজেলাবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ সংস্কারের উদ্যোগ ঝুলে রয়েছে। সংস্কারের অভাবে ৪২ কিলোমিটার দূরত্বের রেলপথের কাঠের স্লিপার, সেতুসহ অন্যান্য যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় ২০০২ সালের ৮ জুলাই কর্তৃপক্ষ এ পথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার লোকজনকে প্রায় আট বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া-সিলেট রেলপথের কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে বড়লেখার শাহবাজপুর পর্যন্ত একটি শাখা রয়েছে। এটিই কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নামে পরিচিত। ১৯৮৮ সালে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে কুলাউড়া-শাহবাজপুর রেলপথকে পরিত্যক্ত ঘোষণা করেন। সূত্র জানায়, গত বছরের ৬ ডিসেম্বর ‘ইরকন’ নামে একটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের প্রকৌশলীরা রেলপথ সংস্কারসহ ট্রেন চলাচলে সম্ভাব্যতা যাচাইয়ে রেলপথের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেলপথের সংস্কারসহ ট্রেন চালুর দাবিতে গত কয়েক বছর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।সরেজমিন ঘুরে দেখা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেলপথে ছয়টি রেলস্টেশন আছে। দেখভালের অভাবে সেগুলোর এখন বেহাল অবস্থা । জুড়ী, দক্ষিণভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর রেলস্টেশনের পাকা ভবনগুলোর বেশির ভাগেরই দরজা-জানালা নেই। সামনে নোংরা-আবর্জনার স্তূপ জমে আছে। ভবনের ভেতরের কক্ষগুলোয় মূল্যবান যন্ত্রপাতি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, রেলপথের বিভিন্ন জায়গায় কাঠের স্লিপার, লোহার পাত ও সংকেতের (সিগনাল) খুঁটিগুলো চুরি হচ্ছে। রেলওয়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকানপাট ও অবৈধ কলোনি তৈরি করে ভাড়া দিয়েছে।জুড়ী ভ্যালি চা-সংসদ (বিটিএ) সূত্রে জানা গেছে, এ ভ্যালির জুড়ী ও বড়লেখা উপজেলায় ছোট-বড় ২৮টি চা-বাগান রয়েছে। এসব চা-বাগানের উত্পাদিত চা প্রতি সপ্তাহে চট্টগ্রামে নিলামে (অকশন) পাঠাতে হয়। নিলামে অংশ নিয়ে দেশি ও বিদেশি ক্রেতারা তা কিনে নেন।বড়লেখার সমনভাগ চা-বাগানের ব্যবস্থাপক ও জুড়ী ভ্যালি চা-সংসদের (বিটিএ) সাবেক চেয়ারম্যান শাহজাহান আকন্দ জানান, আগে ট্রেনের মালবাহী বগিতে তাঁরা চট্টগ্রামে চা পাঠাতেন। এখন তাঁদের ট্রাকে পাঠাতে হয়। এতে পরিবহন খরচ বেশি হচ্ছে।জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় যাত্রী পরিবহনকারী যানবাহনের ভাড়া কয়েকগুণ বেড়েছে। ট্রেন চালু থাকলে চলাচলের ক্ষেত্রে লোকজনের অর্থ সাশ্রয় হতো।’রেলওয়ে ঢাকার প্রধান কার্যালয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. তাফাজ্জুল হোসেন বলেন, ‘কুলাউড়া-শাহবাজপুর রেলপথ সংস্কারের জন্য তিন-চার মাস আগে একটি প্রকল্প তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদিত হওয়ার পর অর্থ বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।’