তিন উপজেলার মানুষ ভুগছে
‘ভোটের আগে হকলেই নানা কথা কয়। ভোট চইল্যা গ্যালে আর কারোরই মনে থাহে না। এই ব্রিজডা কবে থাইক্যা পইর্যা আছে, কেউ দেহে না। কবে এইখান দিয়্যা লোকজন ভালোভাবে যাইবার পাইরবো, আল্লাই জানে।’ কথাগুলো বললেন তাড়াশ উপজেলার নওগাঁ বাজারের দোকানদার মো. রফিকুল ইসলাম।এলাকাবাসী জানান, সিরাজগঞ্জ ও পাবনা জেলার চলনবিল এলাকার তিন উপজেলা তাড়াশ, চাটমোহর ও ভাঙ্গুড়ার মিলনস্থলে করতোয়া নদীর ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। কিন্তু অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে কোন সময় সাঁকোটি নির্মাণ করা হয় এবং কখন কাজ বন্ধ করা হয়, এলাকাবাসী তা জানাতে পারেননি। বর্তমানে এর দুই পাশের সংযোগ সড়কের মাটি পর্যন্ত ধসে গেছে। এখন কোথাও কোথাও ভেঙে যাওয়া সাঁকোর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। সাঁকোর ওপরটি বাঁশের মাচা দিয়ে ঢেকে দেওয়া হলেও সে মাচাও পুরোনো হয়ে পচন ধরেছে। কিন্তু তা মেরামতের কোনো উদ্যোগ নেই। অথচ এ রকম একটি সাঁকোর ওপর দিয়েই পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও সিরাজগঞ্জের তাড়াশসহ প্রায় ১৫টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ চলাচল করে। সেতুটি যানবাহন চলাচলের উপযুক্ত না হওয়ায় এলাকার কৃষকেরা উৎপাদিত ফসল হাটবাজারে আনতে পারছেন না। এ কারণে তাঁরা পণ্যের ন্যায্যমূল্যও পাচ্ছেন না।চাটমোহর উপজেলার হান্ড্রিয়াল এম এ সামাদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জানান, দুই পাশের সংযোগ সড়ক পাকা হলেও অসমাপ্ত রেখেই ব্রিজের কাজ বন্ধ করে দেওয়া হয়। তা ছাড়া নদীর ওপর যত বড় ব্রিজ দরকার ছিল তার চেয়েও ছোট ব্রিজ করা হয়। ফলে পানির চাপে এর দুই পাশের দেয়াল ভেঙে যায়। এ সমস্যা সমাধানে জন প্রতিনিধি ও স্থানীয় উপজেলা প্রকৌশল কার্যালয়ে আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, ‘সাঁকোটি অনেক আগে করা। কোনো ঘটনার কারণে হয়তো এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। আমি দায়িত্ব নেওয়ার পর এখানে ব্রিজ নির্মাণের জন্য নদীর ক্রস সেকশনসহ বিভিন্ন মাপজোক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠিয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। তবে এটা ঠিক, এখানে পুরোনো অবকাঠামো ভেঙে নতুন ব্রিজ করতে হবে। সিদ্ধান্ত এলে দরপত্র ডাকা হবে।’