তিন উপজেলায় বন্যায় গ্রামীণ সড়কের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় এবারের বন্যায় গ্রামীণ পাকা সড়ক, সেতু ও কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি সড়ক থেকে এখনো পানি নামেনি।এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ এবং জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এপ্রিলের শেষ দিকে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী বন্যা দেখা দেয়।এতে জুড়ীর গোয়ালবাড়ী-সাগরনাল, বাছিরপুর-দাসেরবাজার, কালীমন্দির-ভবানীগঞ্জ বাজার, জুড়ী সেতু-আমতৈল-নয়াবাজার, জাঙ্গিরাই-নয়াগ্রাম-সুজানগর, সমাই-বরইতলী, ধামাই ইউপি কার্যালয়, নয়াবাজার-পূর্বজুড়ী, জুড়ী-বৈষ্ণবপাড়া-মোকামটিলা, গোয়ালবাড়ী-বড়ধামাই প্রাথমিক বিদ্যালয়, ভোগতেরা-বিশ্বনাথপুর, কামিনীগঞ্জ বাজার-ভবানীপুর এবং উপজেলা কমপ্লেক্স অ্যাপ্রোচ সড়কের প্রায় ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গোয়ালবাড়ী-সাগরনাল, জুড়ী-বৈষ্ণবপাড়া-মোকামটিলা, বাছিরপুর-বাজারচালি, নয়াবাজার-পূর্বজুড়ী ও পাতিলাসাঙ্গন-বটনিঘাট সড়কে পাঁচটি ছোট-বড় সেতু এবং দুর্গাপুর- দক্ষিণভাগ ও ফুলতলা-কোনাগাঁও সড়কে দুটি কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।বড়লেখার দাসেরবাজার-বাছিরপুর-ফকিরের বাজার, বড়লেখা-বর্ণি-হাকালুকি, কাঁঠালতলী-আজিমগঞ্জ বাজার-তেরাকুড়ি, দাসেরবাজার-ফকিরের বাজার-গোডাউন বাজার, ফকিরের বাজার-মনারায়-মনাদী, বোয়ালী-নিজ বাহাদুরপুর-রতুলি-অজিমগঞ্জ বাজার, বড়লেখা-ছোটলেখা চা-বাগান, লাতু-জলঢুপ, অজমীর-ছোটলেখা-দক্ষিণভাগ এবং তালিমপুর-আজিমগঞ্জ বাজার ভায়া তালিমপুর ইউপির কার্যালয় সড়কসহ ২২টি গ্রামীণ সড়কের প্রায় ৪৬ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।কুলাউড়ার পুষাইনগর-নবাবগঞ্জ, কুলাউড়া-পেকুরবাজার-নবাবগঞ্জ-বরমচাল, নবাবগঞ্জ-ভাটেরা ভায়া বেড়কুড়ি, পেকুরবাজার-আমতৈল-কুলাউড়া, পেকুরবাজার-চৌধুরী বাজার, আছুরিঘাট-বেগমানপুর, আছুরিঘাট-দিলদারপুর, কুলাউড়া-বিজয়া, গিয়াসনগর-কামারকান্দি, পুষাইনগর-নবাবগঞ্জ-আলমপুর, সাদেকপুর-ফরিদপুর ও কুলাউড়া-ঘাগটিয়া-গাজীপুর সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ জানান, দীর্ঘস্থায়ী বন্যার কারণে এলাকার অধিকাংশ রাস্তাঘাট এখনো পানির নিচে।বড়লেখার তালিমপুরের ইউপি চেয়ারম্যান সুরমান আলী বলেন, একটু বৃষ্টি হলেই ঢলে ক্ষতিগ্রস্ত সড়ক কাদাজলে একাকার হয়ে যায়।এলজিইডির জুড়ী উপজেলা কার্যালয়ের প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে, চলতি অর্থবছরের আগামী শীত মৌসুমে কাজ শুরু করা যাবে।’