রাজশাহী নগরে ৯৫৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া গোয়েন্দা পুলিশের তিনজন কনস্টেবলকে গত শুক্রবার রাতে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কনস্টেবলদের পক্ষে সাফাই গাইতে ভুয়া সিসি (অভিযানের আদেশনামা) তৈরির অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নগরের গুড়িপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ ওই তিনজন কনস্টেবলকে গ্রেপ্তার করেন।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. রোকনুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া কনস্টেবল সিদ্দিকুর রহমান, আ. সামাদ ও লালন মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুয়া সিসি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওসি তোফাজ্জল তাঁর কাছে একটি অভিযান চালানোর অনুমতি চান। তিনি সেই অনুমতি দেন। কিন্তু এরপর তাঁকে আর কিছুই জানানো হয়নি। রোকনুজ্জামান জানান, ফেনসিডিলসহ তিন কনস্টেবল গ্রেপ্তার হওয়ার পর সংশ্লিষ্ট নির্বাহী হাকিম ও র্যাব তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানতে পারেন। ওসি তাঁকে কিছুই জানাননি। এ ব্যাপারে ঘটনার দিন ভোরেই তিনি একটি প্রতিবেদন দিয়েছেন। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ঘটনা তদন্তে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। ফেনসিডিলসহ কনস্টেবলদের গ্রেপ্তারের ঘটনায় মামলার বাদী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী সদর ‘এ’ সার্কেলের পরিদর্শক ভূপতি কুমার বর্মণ জানান, ওসি তোফাজ্জলের ভুয়া সিসিতে অভিযানের নামে বের হওয়া আরও পাঁচজন কনস্টেবলের নাম রয়েছে। ভূপতি বর্মণ জানান, ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে রোববার (আজ) তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে। গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে ওসি তোফাজ্জল মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।