তিন কন্যা মায়ের সঙ্গে দেখা করতে চান
চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী, রুনার ঘর আলো করে নতুন অতিথির আগমন ঘটবে চলতি মাসের সাত তারিখ। আর আসমার ঘরে আগস্ট মাসের সাত তারিখে।অন্যদিকে রত্নার এ ধরনের কোনো খবর নেই। তবে তিনি দুই বোন রুনা ও আসমার জন্য চিন্তায় আছেন। কেননা, মেয়েদের এই সময়ে বিশেষ যত্নআত্তির প্রয়োজন। মা-খালাদের পরামর্শ দরকার। কিন্তু রুনা-রত্না-আসমা তিনজনের মা-খালাদের কেড়ে নিয়েছে নিমতলীর আগুন। এখন একমাত্র ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত বছরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সব হারিয়ে দিশেহারা এই তিনজনকে প্রধানমন্ত্রী মেয়ে সম্বোধন করে বুকে টেনে নিয়েছিলেন। গণভবনে নিজে উপস্থিত থেকে তিন কন্যার বিয়ে দিয়েছেন। তিন বোনের এখন ইচ্ছা একটাই—মায়ের সঙ্গে একবার দেখা করা।রুনা বলেন, ‘যেদিন প্রথম জানলাম মা হতে যাচ্ছি, তখন মায়ের কথা খুব মনে হয়েছে। পরে প্রধানমন্ত্রী অর্থাৎ আম্মার কথা মনে হয়েছে। কিন্তু আম্মাকে আজ পর্যন্ত খবরটা দিতে পারলাম না। তিনি খবরটা জানলে নিশ্চয়ই খুব খুশি হতেন।’আসমা বলেন, ‘জানি আম্মুর অনেক কাজ, অনেক দায়িত্ব। আম্মু আমাদের তিন বোনকে বলেও দিয়েছেন যে সব সময় দেখা হবে না। তাই উকিল বাবাদের বলে দিয়েছিলেন, যাতে তাঁর মেয়েদের দেখেন। উকিল বাবারা খোঁজখবর নেন। কিন্তু তার পরও আম্মুর সঙ্গে দেখা করতে খুব মন চাইছে।’প্রধানমন্ত্রীর তিন কন্যা ভালো আছেন। সংসারে কিছু আর্থিক দৈন্য থাকলেও স্বামীকে নিয়ে সুখেই আছেন। হোসেনি দালানের বাসায় বসে রুনা সেদিনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পাশে বসা স্বামী সৈয়দ রাশেদ হোসেন স্ত্রীকে কিছু বলতে যান। কিন্তু সেই দিনের আগুনে তো তাঁরও সব পুড়ে শেষ হয়ে গেছে। এখন কে কাকে সান্ত্বনা দেবেন?প্রধানমন্ত্রী তিন কন্যাকে বিয়ের সময় আসবাবপত্র দিয়েছেন। আসমা বলেন, ‘বিয়েতে আম্মু দেন নাই এমন কোনো জিনিস নাই।’ কিন্তু সেই সব দামি আসবাবপত্র ও জিনিস যত্নে রাখাটাই সমস্যা হয়ে যাচ্ছে।