তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের ছয় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলাগুলো করেন। আসামিরা হলেন রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. হাফিজুর রহমান চৌধুরী ও জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। এই তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রেলের ছয়টি শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ইউসুফ আলী সব নিয়োগের অনুমোদন দেন। আর হাফিজুর রহমান কয়েকটি নিয়োগ কমিটির আহ্বায়ক হিসেবে উত্তরপত্র ও টেব্যুলেশন শিটে কাটাকাটি ও ঘষামাজার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এজাহারে বলা হয়, তিন আসামি চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার খাতা ও শিক্ষকদের নম্বরপত্র কাটাকাটি, ঘষামাজা ও গরমিল করে অনেককে ফেল করিয়ে দেন। এ ক্ষেত্রে জেলা কোটাও সঠিকভাবে মানা হয়নি। একইভাবে উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ না দিয়ে ফেল করা প্রার্থীকে নিয়োগ দিয়েছেন ও জাল নথিপত্র তৈরি করেছেন। এভাবে দণ্ডবিধির ১৬৬/ ১৬৭/ ২১৭/ ৪৭৭(ক)/ ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাঁরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ২৫ শ্রেণীর ছয়টিতে নিয়োগের ক্ষেত্রে দুদকের অনুসন্ধান শেষে এই মামলা করা হয়। ছয় শ্রেণী হচ্ছে: টিকিট ইস্যুয়ার, সহকারী কেমিস্ট, সহকারী লোকোমাস্টার, ট্রেড অ্যাপ্রেন্টিস, ফুয়েল চেকার ও টুলকিপার। ২০১০ সালে রেলের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পরীক্ষার পর আসল নিয়োগ দেওয়া শুরু হয় গত বছর থেকে, যা চলতি বছরের এপ্রিল পর্যন্ত অব্যাহত ছিল। দুদকের সহকারী পরিচালক ও ছয় মামলার বাদী এস এম রাশেদুর রেজা প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে রেলে নিয়োগের উত্তরপত্র ও টেব্যুলেশন শিটে ঘষামাজা ও কাটাকাটির অভিযোগ প্রমাণিত হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত হবে। রেলের পূর্বাঞ্চলে ২৫টি শ্রেণীতে এক হাজার ১৭৭ জনের বিপরীতে এক হাজার ১১৭ জনকে নিয়োগ দেওয়া হয়।আসামিদের বিরুদ্ধে অভিযোগ: টিকিট ইস্যুয়ার নিয়োগ পরীক্ষা সম্পর্কে এজাহারে বলা হয়, এই পদে ২৩১ জন প্রার্থী অংশ নেন। সাতজনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। আটজনের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৪১.৫, ৩১, ৩৯, ৩৭, ৩২, ৩৪.৫, ৩৪ ও ৩২ দেখিয়ে তাঁদের উত্তীর্ণ ঘোষণা করা হয়। চারজনের প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষার টেব্যুলেশন শিটের মিল পাওয়া যায়নি। প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফলে পরীক্ষকের সই ছিল না। এমনকি লিখিত পরীক্ষার প্রত্যেক সদস্যের টেব্যুলেশন শিট ও গড় নম্বরপত্র আলাদাভাবে তৈরি করা হয়নি। দ্বিতীয় এজাহারে বলা হয়, সহকারী কেমিস্ট পদে ১৭৭টি আবেদনকারীর মধ্যে বাছাই করা হয় ৬৮ জনকে। ৩৯ জন পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় ১২ জনকে। এর মধ্যে ১০ জন অংশ নেন। চূড়ান্তভাবে নির্বাচিত হন তিনজন। এখানেও নম্বরের গরমিল পাওয়া যায়। নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া টেব্যুলেশন শিটটি সংরক্ষণ করেন। তৃতীয় এজাহারে বলা হয়, বিভাগীয় প্রধানের মতামত ছাড়াই সহকারী লোকোমাস্টার নিয়োগের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হয়। এমনকি জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীর তালিকা না করে সব জেলাকে একীভূত করে তালিকা বানানো হয়। ফলে ২৮ জেলা থেকে ৩২ জন প্রার্থী কম নেওয়া হয়েছে। এই ৩২ পদ পূরণ করা হয়েছে ১৯ জেলা থেকে, যা নিয়ম নয়। প্রার্থীদের উত্তরপত্রে মূল্যায়নকারী শিক্ষকের সই ছিল না। অকৃতকার্য প্রার্থীর উত্তরপত্রে কাটাকাটি করে ২০ বা এর বেশি নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ নম্বর গ্রেস দিয়ে ৩৯ জনের মধ্যে ২৪ জনকে মৌখিক পরীক্ষায় পাস দেখিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। একইভাবে ৩৮ জন প্রার্থীকে গ্রেস না দিয়ে মৌখিক পরীক্ষায় কম নম্বর দিয়ে বাদ দেওয়া হয়েছে।চতুর্থ এজাহারে বলা হয়, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কারণ এককভাবে এই পদে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ৩৬৯ জন নিয়োগ পান। লিখিত পরীক্ষায় ২৭০ জন পাস করেন। চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে অনেককে আট নম্বর গ্রেস দেওয়া হয়েছে। আবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৭০ জনের মধ্যে অনেক প্রার্থী বাদ পড়েন। গ্রেস নম্বর পেয়ে উত্তীর্ণ অনেক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দেওয়া হয়। এ ছাড়া ৩২ জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নিয়োগের সুপারিশ করা হয়, যা নিয়ম ভেঙে অন্য ২০ জেলা থেকে নেওয়া হয়।পঞ্চম এজাহারে বলা হয়, ফুয়েল চেকার পদে টেব্যুলেশন শিট নির্বাচনী কমিটিকে না দিয়ে মৌখিক পরীক্ষা নিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের আলাদা তালিকা তৈরি করেন গোলাম কিবরিয়া। এর ভিত্তিতে ১০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। গোলাম কিবরিয়ার তৈরি লিখিত পরীক্ষার ফলাফলের সঙ্গে শিক্ষকদের তৈরি ফলাফলের মিল নেই। ষষ্ঠ এজাহারে বলা হয়, টুল কিপার পদে আটটি পদের জন্য জমা পড়ে ৪০৫টি আবেদন। ২৩০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ পাঁচজনের বদলে ১৫ জনকে চিঠি দেওয়া হয়। মৌখিক পরীক্ষার টেব্যুলেশন শিট আলাদাভাবে তৈরি করা হয়নি। লিখিত পরীক্ষায় শিক্ষকদের ফলাফলের সঙ্গেও গরমিল পাওয়া যায়। ঢাকায় সংবাদ সম্মেলন: গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান জানান, নিয়মবহির্ভূতভাবে ফুয়েল চেকার পদে চারজন ও টুল কিপার পদে সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অবশিষ্ট ১৯ শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম নিয়ে এখনো অনুসন্ধান চলছে জানিয়ে মনিরুজ্জামান বলেন, প্রয়োজনে আরও লোকবল দিয়ে অনুসন্ধান দলকে শক্তিশালী করা হবে।প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, অনিয়মের সঙ্গে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। গত ৯ এপ্রিল মধ্যরাতে সাবেক রেলমন্ত্রীর একান্ত সহকারী সচিব ওমর ফারুক তালুকদার তাঁর গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ রাজধানীর বিজিবি সদর দপ্তরে আটক হন। এ সময় রেল কর্মকর্তা ইউসুফ আলী ও এনামুল হক ওই গাড়িতে ছিলেন।