তিন কর্মসূচিতে যানজট, নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ, বিএনপি ও বেসরকারি শিক্ষকদের কর্মসূচি থাকায় রাজধানীজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এর ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। বিকেলে অবস্থা অসহনীয় হয়ে পড়ে। এতে নাকাল হয় নগরবাসী।আজ বৃহস্পতিবার সকাল থেকে বেসরকারি শিক্ষকেরা অবস্থান নেন প্রেসক্লাবের সামনে। বিকেলে আওয়ামী লীগ গাবতলী থেকে সায়েদাবাদ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রায় একই সময়ে নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।তিনটি কর্মসূচির কারণে রাজধানীর প্রধান সড়কগুলো কখনো পুরোপুরি আবার কখনো আংশিক বন্ধ রাখতে হয়েছে। এমনিতেই রাজধানীতে যানজট লেগেই থাকে। তার ওপর প্রধান সড়ক দখল করে কর্মসূচির কারণে তা নগরবাসীর কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দেয়। গাবতলী থেকে বাংলা মোটর পর্যন্ত আসতে একটি ‘আট নম্বর’ গাড়ির সময় লেগেছে দুই ঘণ্টারও বেশি। গাড়ির চালক মো. জসিম বলেন, ‘যে অবস্থা, তাতে সায়েদাবাদ যেতে আরও দুই ঘণ্টার মতো লাগবে।’ ওই গাড়িতে টিকাটুলি পর্যন্ত যাচ্ছিলেন ব্যবসায়ী রকিবুদ্দিন। তিনি বললেন, ‘ফরিদপুর থেকে গাবতলী পর্যন্ত আসতে সাড়ে চার ঘণ্টা সময় লেগেছে। আর গাবতলী থেকে টিকাটুলি যেতেও একই সময় লাগছে।’ তাঁর প্রশ্ন, ‘এভাবে চললে মানুষ কাজ করবে কীভাবে?’সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একাংশ। প্রথমে সড়কের ডান পাশে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। দুপুর ১২টা পর্যন্ত ওই সড়কের একটি লেন দিয়ে যান চলাচল করছিল। কিন্তু এরপর ডান পাশের সড়কটি আটকেও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকেরা। এর ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সচিবালয়ের সামনের সড়ক ও পল্টন মোড়ে সৃষ্টি হয় যানজটের। প্রেসক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত সড়কটুকু পার হতে গাড়িগুলোকে প্রায় আধা ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে। একইভাবে মতিঝিল থেকে শাহবাগের দিকে আসা গাড়িগুলোকে সমান দুর্ভোগে পড়তে হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কদম ফোয়ারা, পল্টন মোড় ও সচিবালয়ের আশপাশের প্রতিটি ট্রাফিক সিগনালে গাড়ির সারি দীর্ঘ হতে থাকে। প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী একটি সংগঠনের মানববন্ধন ওই এলাকায় ভোগান্তি আরও বাড়িয়ে দেয়। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা ও বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী’ ষড়যন্ত্রের প্রতিবাদে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মানববন্ধন করে আওয়ামী লীগ। গাবতলী বাসস্ট্যান্ড থেকে মানববন্ধন শুরু হয়ে তা শ্যামলী, আসাদ গেইট, ধানমন্ডি ২৭ নম্বর, রাসেল স্কয়ার, পান্থপথ, বসুন্ধরা সিটি, সোনারগাঁও হোটেল, শাহবাগ, হাইকোর্ট, পুরানা পল্টন মোড়, শহীদ নূর হোসেন চত্বর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট হয়ে সায়েদাবাদে গিয়ে শেষ হয়। সাড়ে তিনটায় কর্মসূচি থাকলেও বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নির্ধারিত স্থানে আসতে থাকেন। দুপুরের পর থেকে এই কর্মসূচির কারণে যানজট শুরু হয়। গাড়িগুলোকে দীর্ঘ সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কখনো চলা শুরু করলেও গতি ছিল মন্থর।আওয়ামী লীগের কর্মসূচি যখন চলছিল সেই সময় নয়াপল্টন থেকে শুরু হয় স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রা। প্রায় এক ঘণ্টা পর এটি মগবাজারে এসে শেষ হয়। এর আগে শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নয়া পল্টনে আসেন সংগঠনের নেতা-কর্মীরা।