তিন কারণে নির্বাচন করবে না ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভক্ত দুই সিটি করপোরেশনের নির্বাচন করবে না বর্তমান নির্বাচন কমিশন। গতকাল সোমবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও দুই নির্বাচন কমিশনারের অবসরে যাওয়া, সময়ের স্বল্পতা ও জনবল সংকটসহ তিনটি কারণে কমিশন নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে। সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, ‘৯০ দিনে নির্বাচন করা সম্ভব নয়। সরকার আইনটি করার সময় আমাদের সঙ্গে পরামর্শ করেনি। পরামর্শ করলে আমরা তাঁদের বুদ্ধি দিতে পারতাম। তাহলে এমন সমস্যা হতো না।’এ বিষয়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি প্রথম আলোকে বলেন, সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা। বর্তমান কমিশনের দায়িত্ব তফসিল ঘোষণা করা। তবে ভোট গ্রহণের আগে কমিশনের মেয়াদ শেষ হলে নতুন কমিশনের অধীনে নির্বাচন হবে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, ‘আইন অনুযায়ী, নির্বাচন করার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি। নির্বাচন করা নির্বাচন কমিশনের কাজ। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছুই করার নেই। আমরা শুধু নির্বাচনের বিষয়ে তাদের অনুশাসন প্রতিপালন এবং নির্বাচনের বিষয়ে সাহায্য-সহযোগিতা করি।’সরকারের চাহিদা অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন করা নিয়ে গতকাল দুপুরের দিকে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন সিইসি এ টি এম শামসুল হুদা। বেলা দুইটার দিকে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনে অবশ্যই নির্বাচন হবে। কিন্তু আমরা এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারছি না। আমাদের হাতে যে সময় আছে, তাতে নির্বাচন যথাসময়ে শেষ করা সম্ভব হবে না। আমরা তফসিল ঘোষণা করব, এরপর আমাদের বিদায় হতে হবে, নতুন নিয়োগ পাওয়া কমিশনারদের অধীনে নির্বাচনের ভোট গ্রহণ হবে, এতে অনেক অসুবিধা হতে পারে। তা ছাড়া এমন দৃষ্টান্ত বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষেত্রে অতীতে দেখা যায়নি।’তিন কারণ: শামসুল হুদা নির্বাচন না করার তিনটি কারণ উল্লেখ করেন। বলেন, ‘প্রথমত, আমরা ৯০ দিনে নির্বাচন করার পক্ষে নই। দ্বিতীয়ত, কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সব ধরনের স্থানীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তাই ঢাকার দুই সিটিতেও ইভিএম ব্যবহার করাটা যুক্তিসংগত বলে মনে করি। কিন্তু বর্তমানে যেসব ইভিএম রয়েছে, সেগুলো কুমিল্লায়। ৫ জানুয়ারির আগে এসব মেশিন হাতে পাওয়া যাবে না। কাছাকাছি সময়ে দুই সিটিতে নির্বাচন করার মতো যথেষ্ট পরিমাণ ইভিএম তৈরি নেই।’তৃতীয় কারণ হিসেবে সিইসি বলেন, সব ধরনের স্থানীয় নির্বাচন নিজস্ব জনবল দিয়ে আয়োজন করার একটি সংস্কৃতি নির্বাচন কমিশন দাঁড় করিয়েছে। এতে সুফলও পাওয়া যাচ্ছে। কিন্তু কুমিল্লার পিঠাপিঠি ঢাকার দুই সিটিতে নির্বাচন করা সম্ভব নয়। কারণ, সেই পরিমাণ জনবল কমিশনের নেই। আবারও জনবলের জন্য সরকারের কাছে হাত পাততে হলে নির্বাচন সুষ্ঠু হবে না। এভাবে নির্বাচন করলে কমিশনের সংস্কার উদ্যোগও ব্যাহত হবে। সুতরাং দুই ভাগে নির্বাচন করতে হলে ১৮০ দিন লাগবে। বিষয়টি মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে।সিইসি বলেন, ‘বর্তমান কমিশনাররা ৫ ফেব্রুয়ারি চলে যাবেন। এরপর নতুন কমিশনাররা যোগ দেবেন। তবে তাঁদের কাজে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আমরা সবকিছু তৈরি রেখে যাব। আশা করি, তাঁদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে।’সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে গত ২৯ নভেম্বর সংসদে আইন পাস করে। এ-সংক্রান্ত গেজেট প্রকাশ হয় ১ ডিসেম্বর। সংশোধিত সিটি করপোরেশন আইন অনুযায়ী, কোনো সিটি করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। এ হিসেবে ঢাকার দুই সিটিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। এদিকে কমিশন সচিবালয় সূত্র জানায়, বিদায়ের আগে ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সে জন্য গতকালের বৈঠকে দুই সিটির ভোটার তালিকা মুদ্রণ, ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা প্রকাশ, নির্বাচনী মালামাল কেনা এবং ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা সিটির বিষয়ে আইনশৃঙ্খলা বৈঠক: গতকাল নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক হয়। বৈঠক শেষে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের জানান, নির্বাচনে পুলিশ, র‌্যাব, আনসার মিলিয়ে প্রায় দেড় হাজার সদস্যের বাহিনী থাকবে। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২২ জন সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে আট সদস্যের র‌্যাব টহল দেবে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ। ৫ জানুয়ারি সেখানে ভোট গ্রহণ হবে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে এ বৈঠকে দুই নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র, পুলিশ, র‌্যাব ও বিজিবির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।