তিন কাস্টমস কর্মকর্তার চার্জশিটে দুদকের অনুমোদন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনা আত্মসাত্ এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে আজ সোমবার দুজন বর্তমান এবং একজন সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দায়ের পৃথক দুটি মামলার চার্জশিট দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুমোদন করেছে।দুদকের উপসহকারী পরিচালক এ এস এম আখতার হামিদ ভূঁইয়া বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।গত ৪ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৯৩৮ দশমিক ৪৪ গ্রাম সোনা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন উপপরিচালক। মামলায় প্রাথমিক আসামি করা হয় কাস্টমস ইন্সপেক্টর মুজিবর রহমানকে। পরে দুদকের অনুসন্ধান সাপেক্ষে এ মামলায় কাস্টমসের সহকারী কমিশনার (ঢাকা) মো. সালাউদ্দিন রিপনকে আসামি করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ মামলায় মো. ফয়সাল চৌধুরী ও মো. ইসমাইল নামের আরও দুই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়।এ ছাড়া দুদকে জমা দেওয়া সম্পদের বিবরণীতে সম্পদের তথ্য গোপনের অভিযোগে সম্প্রতি ধানমন্ডি থানায় সাবেক কাস্টমস কমিশনার এ টি এম মিজানুল হক ও তাঁর স্ত্রী নায়লা নাহিদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন এ এস এম আখতার হামিদ ভূঁইয়া। আসামি দুজন ৬৩ লাখ দুই হাজার ৯৫৫ টাকার হিসাব গোপন করেছেন বলে মামলায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন ধানমন্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা।