তিন কিলোমিটারের জন্য ১০ গ্রামের মানুষ কষ্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নের আমইন থেকে বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। সড়কটি এখন গ্রামের মানুষের বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। গ্রামবাসীর অভিযোগ, স্বাধীনতার পর আর সড়কটি সংস্কার বা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে ১০ গ্রামের প্রায় ৩০ হাজার গ্রামবাসীকে।সরেজমিনে জানা গেছে, ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে তেঁতুলিয়া উত্তর ও দক্ষিণপাড়া, ভাদার, নান্দুরা, পাবনাপাড়া, হঠাৎপাড়া ও খুড়তা গ্রামের মানুষ। এবড়োখেবড়ো মাটির এই সড়কের দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়। বর্ষার সময় তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ওই ১০ গ্রামের কৃষকেরা তাঁদের ফসলের সঠিক বাজারমূল্যও পান না।পানিসারা গ্রামের বাসিন্দা এবং বিশালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামিম হোসেন জানান, স্বাধীনতার পর থেকেই সড়কটি নতুন করে নির্মাণের জন্য জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কিন্তু কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি। ফলে গ্রামবাসীর দুর্ভোগ সহ্য করা ছাড়া উপায় নেই। একই গ্রামের কৃষক সন্তোষ সরকার জানান, সড়কটির পাশ দিয়ে ১০ গ্রামের মানুষের বসবাস। এসব মানুষ মূলত চাষাবাদের ওপরই নির্ভরশীল। কিন্তু তারা তাদের উৎপাদিত ফসল বছরের কোনো সময়ই সড়কটির জন্য সহজে বাজারে নিতে পারে না। গ্রাম থেকেই ফড়িয়াদের কাছে কম মূল্যে তাদের ফসল বিক্রি করে দিতে হয়। এতে প্রতিবছর ওই ১০ গ্রামের কৃষকদের ক্ষতিগ্রস্ত হতে হয়।নান্দুরা গ্রামের আবদুল মালেক জানান, গ্রামের কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে, তবে তাকে খারাপ রাস্তার কারণে দ্রুত শহরের হাসপাতালেও নেওয়া যায় না। আবার নেওয়ার চেষ্টা করলেও রাস্তায়ই অনেক রোগী আরও অসুস্থ হয়ে পড়ে। অনেক সময় চিকিৎসার অভাবে মারাও যায়। খুড়তা গ্রামের আবদুল খালেক জানান, গ্রামের সড়কটি খারাপ হওয়ায় থানা-পুলিশের লোকজনও বেশি আসে না। ফলে অপরাধীরা এই গ্রামগুলোতে আস্তানা গেড়েছে। পাবনাপাড়া ও ভাদার গ্রামের মো. আয়নাল হোসেন ও আবদুল মজিদ জানান, তাঁরা এই সড়কটি নতুন করে নির্মাণের জন্য স্থানীয় চেয়ারম্যানসহ উপজেলা প্রকৌশলী বিভাগের কাছে একাধিকবার দাবি জানিয়েছেন। কিন্তু সড়কটি করা হবে বলা হলেও তা আর হচ্ছে না। পানিসারা গ্রামের গৃহবধূ সুষুমা রানী সরকার, তেঁতুলিয়ার সাজেদা বিবি, ভাদার গ্রামের ময়না খাতুন ও খুড়তা গ্রামের শাহিনুর বিবি জানান, গ্রামে ঢুকতে কষ্ট হওয়ায় স্বাস্থ্যকর্মীরাও নিয়মিত আসেন না। ফলে গ্রামের অনেক মহিলা এমনকি প্রসূতি মায়েরা স্বাস্থ্য-সংক্রান্ত সঠিক উপদেশ পান না।এলাকার সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বার মর্জিনা বিবি জানান, শুধু যোগাযোগের অভাবে গ্রামের মেয়েরা শহরের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়।ওয়ার্ড মেম্বর আবদুল হান্নান আলম জানান, সড়কটি নতুন করে নির্মাণের জন্য তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা পরিষদকে অবহিত করেছেন। কিন্তু কোনো উপকার হয়নি। বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রাফিউল ইসলাম ও কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, ওপর মহলে সড়কটির অবস্থা বারবার জানানো হয়েছে। প্রতিশ্রুতিও এসেছে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ কয়েক যুগ পার হয়ে গেলেও তা আজও বাস্তবায়িত হয়নি।এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, যোগাযোগব্যবস্থা খারাপের কারণে পুলিশ প্রায় রাতে ওই গ্রামগুলোতে টহলে যেতে পারে না। ফলে গ্রামবাসীকে কিছুটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সামছুজ্জামান জানান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান জানান, শুধু ওই সড়কই নয়, উপজেলার প্রতিটি সড়ক তিনি চলাচলের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন।