তিন কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে তিন কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলো মো. আনছারুল (১৪), মানিক (১৪) ও রুবেল (১৬)। গতকাল শনিবার সকালে তেঁতুলিয়া সীমান্তের বিপরীতে ভারতের মুড়িখাওয়া বিওপির টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।বিজিবি সূত্রে জানা গেছে, সকালে তেঁতুলিয়ার কাজীপাড়া এলাকার দাদ মোহাম্মদের ছেলে মো. আনছারুল, কলোনি পাড়ার তাদ মোহাম্মদের ছেলে মানিক এবং মণ্ডলপাড়া এলাকার মো. রঞ্জুর ছেলে রুবেল ওই সীমান্তে যায়। এ সময় তেঁতুলিয়া সীমান্তের মেইন পিলার ৪৪৩-এর ৪ নম্বর সাব পিলারের বিপরীতে ভারতে মুড়িখাওয়া বিওপির টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি অপহূত কিশোরদের ফেরতের জন্য পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফের কাছে চিঠি পাঠায়। বিএসএফ পতাকা বৈঠকে বসতে অসম্মতি জানায়।বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার মশিউজ্জামান ঘটনার কথা নিশ্চিত করে বলেন, অপহূত কিশোরদের ফেরত চেয়ে বিকেলে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করলে বিএসএফ তাতে অসম্মতি জানায়। বিএসএফ তিন বাংলাদেশি কিশোরকে অনুপ্রবেশ এবং চুরির অভিযোগ দিয়ে থানায় সোপর্দ করেছে।