তিন কোটি টাকার কাজ ভাগাভাগির অভিযোগ
খুলনায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজ নগরের দৌলতপুর থানা আওয়ামী লীগের নেতারা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, সমঝোতার বাইরে কেউ শিডিউল কিনতে পারেননি। স্থানীয় প্রভাবশালী এক নেতা শিডিউল কিনলেও পরে চাপের মুখে তিনি তা ফেরত দিয়েছেন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা এলাকায় প্রায় ৪১ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে আটটি স্কুল নির্মাণের জন্য পৃথকভাবে দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি শিডিউলের দাম ধরা হয় ৬০০ টাকা। গতকাল সোমবার ছিল শিডিউল বিক্রির শেষ দিন।দৌলতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা তরফদার প্রথম আলোকে জানান, দুপুর ১২টার দিকে শিডিউল কিনতে গেলে তাঁকে আলোচনার কথা বলে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তিনি আটটি কাজের জন্য আটটি শিডিউল কিনলে থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ঠিকাদার দাউদ হায়দার শিডিউলগুলো ফেরত দিতে বলেন। এতে তিনি রাজি না হলে সেখানে উত্তেজনা দেখা দেয়। দুপুর দেড়টার দিকে মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা ফোন করে দুই পক্ষকে শান্ত থাকতে এবং মির্জা তরফদারকে কেনা শিডিউল ফেরত দেওয়ার নির্দেশ দেন। বিকেলে তিনি শিডিউলগুলো ফেরত দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুণ ঠিকাদার জানান, প্রভাবশালী মহলের ভয়ে তিনি শিডিউল কিনতে পারেননি। খুলনা ও সাতক্ষীরা মিলিয়ে এ-১ শ্রেণীর ঠিকাদার রয়েছেন ২০৩ জন। অথচ দুপুর দুইটা পর্যন্ত শিডিউল বিক্রি হয়েছে মাত্র ৫৯টি। আটটি কাজের জন্য দরপত্রে ২০৩ জন ঠিকাদারের মধ্যে অংশ নিয়েছেন আট-নয় জন। জানা যায়, যদি এলাকার ঠিকাদারদের অর্ধেকও আটটি করে শিডিউল কিনতেন তাহলে সরকারের রাজস্ব আয় হতো প্রায় পাঁচ লাখ টাকা। সমঝোতার পর এ ক্ষেত্রে সরকারের রাজস্ব আয় হচ্ছে মাত্র ৩৫ হাজার টাকা। দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা সমঝোতায় বিশ্বাসী। একজন অন্যজনের সঙ্গে প্রতিযোগিতা না করে আলোচনার মাধ্যমে কাজ নিলে সবার লাভ।’ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এ কে এম ফেরদৌস প্রথম আলোকে জানান, ‘বিবাদে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে কাজ ভাগাভাগি করাই ভালো।’ সমঝোতার কারণে সরকার রাজস্ব হারাবে কি না প্রশ্ন করলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘বিবাদের থেকেও সেটি কি ভালো না?’