তিন কোটি শিশুর হাতে নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম দিন খালি হাতে আজ বিদ্যালয়ে যাওয়া। আর ঘরে ফেরা নতুন বই হাতে নিয়ে। এরপর ঝকঝকে বই উল্টেপাল্টে দেখা, আর ঘ্রাণ নেওয়ার অনাবিল আনন্দ।টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সর্বত্রই আজ দেখা যাবে এই চিত্র। শিক্ষা মন্ত্রণালয় দিনটির নাম দিয়েছে ‘পাঠ্যপুস্তক উৎসব’। দেশের শিশু-কিশোরদের প্রায় সবাই আজ রোববার নববর্ষে নতুন পাঠ্যবই হাতে পাবে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, প্রায় সব বই বিতরণের জন্য প্রস্তুত, টুকটাক সমস্যা থাকলেও জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে।দেশে এবার তিন কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী বিনা মূল্যে বই পাবে। এসব শিক্ষার্থী প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ে পড়ছে। ২৯ ডিসেম্বর বা এর দু-এক দিন আগে-পরে তারা বার্ষিক পরীক্ষার ফল পেয়েছে। কেউবা বেজায় খুশি, কারও মন কিছুটা খারাপ। আবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ২৬ ও ২৮ ডিসেম্বর। এ দুটি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী ষষ্ঠ ও নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সর্বস্তরের শিক্ষার্থীর মধ্যে এ বছর মোট ২২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৮৩টি বই বিতরণ করা হবে। এর মধ্যে প্রাথমিকে ১০ কোটি ৩৫ লাখ ৪৪ হাজারের কিছু বেশি এবং মাধ্যমিকে ১১ কোটি ৭৭ লাখ ৭০ হাজারের কিছু বেশি বই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ ডিসেম্বর গণভবনে ১৫ শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে পাঠ্যবই বিতরণের মাধ্যমে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করবেন। একইভাবে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় সব ছাত্রছাত্রীর হাতে আজ তুলে দেওয়া হবে পাঠ্যবই। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন আজ বেলা দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিষয়টি তুলে ধরবেন।এবার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চার রঙে ছাপা ঝকঝকে বই পাবে শিক্ষার্থীরা। প্রাথমিকের বইয়ের প্রায় ৪০ শতাংশ ভারত থেকে ছেপে আনা হয়েছে, বাকি ৬০ শতাংশ ছেপেছেন দেশের মুদ্রাকর ও প্রকাশকেরা। গত বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত চার রঙের বই দেওয়া হয়েছিল এবং বেশির ভাগ বই ছেপেছিলেন ভারতের প্রকাশকেরা। গত বছর পর্যন্ত বই জেলায় জেলায় পৌঁছে দেওয়া হতো। এবার বই পৌঁছে দেওয়া হয়েছে উপজেলা পর্যন্ত। প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বই সংগ্রহ করেছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর কোনো কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই বই বিতরণ করেছে।বিভূতিভূষণের কালজয়ী পথের পাঁচালী উপন্যাসের প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালা এখন বিবর্ণ স্মৃতি। নিশ্চিন্দপুর গ্রামের স্বাপ্নিক শিশু অপুর শিক্ষাসংগ্রাম পথের পাঁচালী অবলম্বনে রুপালি পর্দায় দেখিয়েছিলেন সত্যজিৎ রায়। মুদি দোকানের পাশে খোলা ঘরে মাটিতে মাদুর পেতে বসত অপু ও তার সহপাঠী খুদে শিক্ষার্থীরা। ছেঁড়া-ফাটা বই নিয়ে মাদুরে বসে পণ্ডিত মশাইয়ের কাছে শিক্ষা নেওয়ার সেই দিন বদলেছে। এখন প্রায় সব শিক্ষার্থী পাকা ভবনে বেঞ্চে বসে। একাধিক গৃহশিক্ষকের কাছ থেকে পাঠ গ্রহণ ছাড়াও কোচিং, নোট-গাইড বা প্র্যাকটিস বুক অবলম্বন করে। তার পরও বেশির ভাগ শিক্ষার্থী প্রবেশ করতে পারছে না প্রকৃত জ্ঞানের রাজ্যে, প্রতিষ্ঠিত হতে পারছে না কর্মজীবনেও। এর কারণ, শিক্ষা পণ্য হয়ে ওঠায় এর উদ্দেশ্য হয়ে পড়েছে শুধু সনদ প্রাপ্তি। মুখস্থ করার ক্ষমতাই মেধা যাচাইয়ের মানদণ্ড হয়ে আছে। প্রাতিষ্ঠানিক লেখাপড়া চলে গেছে কোচিং সেন্টারে বা গৃহশিক্ষকের কাছে। তাই বিনা মূল্যে বই বিতরণের এই উদ্যোগ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি শিক্ষাকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনারও দাবি উঠেছে শিক্ষাসংশ্লিষ্ট সব মহল থেকে।