তিন খুনির জীবন ভিক্ষার আবেদন, দুই জন দিয়েছেন চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির তিনজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন। তাঁরা হলেন: বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও এ কে এম মুহিউদ্দিন (ল্যান্সার)। অপর দুই দণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খান ক্ষমার আবেদন করেননি। তবে তাঁরা কারা কর্তৃপক্ষকে পৃথক চিঠি দিয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনের প্রাণভিক্ষার আবেদনের সঙ্গে আজ রোববার এ চিঠিও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। গতকাল শনিবার সন্ধ্যায় কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক গোলাম হায়দার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান বলেন, গত ৩ জানুয়ারি আদালত থেকে পাঁচ আসামির মৃত্যুর পরোয়ানা কারা অধিদপ্তরে পৌঁছায়। কারাবিধি অনুযায়ী, সাত দিনের মধ্যে আসামিদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করার নিয়ম। সে অনুযায়ী, কারা কর্তৃপক্ষ আসামিদের কাছে কাগজ-কলম পৌঁছে দেয়। গতকাল দুপুরে তিন আসামি প্রাণভিক্ষার আবেদন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেও দুজন দুটি চিঠি দিয়েছেন। তিনি বলেন, সরকারের পরবর্তী নির্দেশ অনুযায়ী কারা কর্তৃপক্ষ কাজ করবে। কারা সূত্র জানায়, সুলতান শাহরিয়ার রশিদ তাঁর চিঠিতে লিখেছেন, ‘নীতিগতভাবে আমি এমন আবেদন করব না। তবে সুপ্রিম কোর্টে মামলাটির রিভিউ পিটিশন করা হয়েছে মর্মে আমি অবগত হয়েছি। আমি আমার আইনজীবীর সরাসরি নির্দেশ ছাড়া কোনো আবেদন জমা দেব না।’ফারুক রহমান তাঁর চিঠিতে বলেছেন, ‘আমি জেনেছি, আমার আইনজীবী রিভিউ পিটিশন করবেন। সুতরাং রিভিউ পিটিশনের ফলাফল না জানা পর্যন্ত আমি প্রাণভিক্ষার আবেদন করব না। তবে রিভিউ পিটিশনে কী হলো, এটা আমাকে জানাবেন।’