তিন ঘণ্টা পর চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক স্বাভাবিক
তিন ঘণ্টা পর বেলা একটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। মসজিদের কাজে ব্যবহূত সরকারি খাসপুকুর দখলকে কেন্দ্র করে আজ রোববার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছিল স্থানীয় লোকজন। এতে চাঁদপুরের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারসংলগ্ন মসজিদ-মাদ্রাসার পার্শ্ববর্তী সরকারি খাসজমিতে একটি পুকুর মসজিদের মুসল্লিরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। কিন্তু আজ রোববার স্থানীয় কয়েকজন লোক পুকুরে মাটি ভরাটের প্রস্তুতি নিলে এতে বাধা দেওয়ার জন্য মসজিদের মাইকে এলাকাবাসীকে আহ্বান করা হয়। এরপর হাজার হাজার জনতা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নেমে আসে। তারা গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে সড়কটি অবরোধ করে। পরে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট গিয়ে বেলা একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউল ইসলাম সম্প্রতি ওই পুকুর ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান, মসজিদসংলগ্ন পুকুরটি সরকারদলীয় কিছু লোক অবৈধভাবে ভরাট করার প্রস্তুতি নেন। খবর পেয়ে স্থানীয় হাজার হাজার জনতা ছুটে এসে এ অবরোধ সৃষ্টি করে।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গিয়ে তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।