তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ করে রাখা রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। গ্যাস-সংযোগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা তিন ঘণ্টা পর রেলপথ থেকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।অবরোধের কারণে সকাল পৌনে নয়টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। অবরোধ তুলে নেওয়ায় এসব রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।কসবা সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে উপজেলার সাধারণ মানুষ সকালে কসবা ও মন্দভাগ রেলস্টেশনে অবস্থান নেয়। তারা কসবা রেলস্টেশনের প্রবেশমুখে চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেনটিকে আটকে দেয়। মন্দভাগ রেলস্টেশন অবরোধের কারণে ঢাকাগামী মহানগর প্রভাতী, উপকূল, সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। বিক্ষোভকারীরা কসবা রেলস্টেশনের স্টেশনমাস্টারের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।কসবা রেলস্টেশনে অবস্থান নিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা। এতে সভাপতিত্ব করেন কসবা উপজেলা চেয়ারম্যান ও সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া।পরিস্থিতি নিয়ন্ত্রণে কসবা রেলস্টেশনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।পরে অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ হাল্লাল ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদ হাসান কসবা রেলস্টেশনে যান। তাঁরা আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানান। তাঁরা জানান, দাবি-দাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। এর পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।কসবা সর্বদলীয় গ্যাস-সংযোগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া বলেন, সাত দিনের মধ্যে গ্যাস-সংযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া না হলে আরও বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।