তিন ঘণ্টা বন্ধের পর আশুগঞ্জে ট্রেন চলাচল শুরু
তিন ঘণ্টা বন্ধ থাকার পর বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের শহীদ হাবিলদার আবদুল হালিম রেলওয়ে সেতুর আশুগঞ্জের প্রান্তে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। পরে আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ইঞ্জিন বিকল হওয়ায় আশুগঞ্জের তাল শহর, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রেলওয়ে স্টেশনে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেসসহ ছয়টি ট্রেন আটকা পড়ে।আশুগঞ্জ ও ভৈরব রেলওয়ে কেবিন সূত্র জানায়, সোয়া ১১টার দিকে ঢাকাগামী মালবাহী কনটেইনার ৮০৩ নম্বর আপ ট্রেনটি আশুগঞ্জ স্টেশন অতিক্রম করে। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি সেতু পার হয়। আশুগঞ্জ পার হওয়ার সময় ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে ট্রেনটি সেতুর ওপরই থেমে যায়।আশুগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল্লাহ ফারুক জানান, বেলা দেড়টার দিকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি করে। পরে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে মালবাহী ট্রেনটি সেতু থেকে সরিয়ে আশুগঞ্জে দিকে আনা হয়। তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে কয়েক হাজার ট্রেনের যাত্রী চরম দুর্ভোগে পড়ে।