তিন ঘণ্টার রাস্তায় কাটছে নয় ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে যমুনা সেতু হয়ে পুরো উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার যাত্রীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করতেই মহা ভোগান্তিতে পড়ে। ঈদে ঘরমুখী যাত্রীদের ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হতে প্রায় ৮৫ কিলোমিটারই যানজটের মধ্যে কাটাতে হচ্ছে। এতে তিন ঘণ্টার এ পথটুকু পাড়ি দিতে নয়-দশ ঘণ্টা লেগে যাচ্ছে। গাজীপুর সদরের ভোগড়া বাইপাস হয়ে চন্দ্রার মোড় পেরিয়ে যাত্রীরা কালিয়াকৈরের সূত্রাপুর পর্যন্ত পুরো সড়কেই যানজটে পড়ে। সাভারের বাইপাইল হয়ে ওই চন্দ্রার মোড় পেরিয়ে যাত্রীরাও একইভাবে সূত্রাপুর পর্যন্ত যানজটেই কাটায়। বাইপাইল থেকে আর ভোগড়া বাইপাস থেকে দুই পথের লোকজন চন্দ্রার মোড়ে এক হয়ে সূত্রাপুরের পথে মিলেমিশে যানজটে পড়ে। পুলিশ, এলাকাবাসী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, সূত্রাপুর সেতুর ওপর গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক বিকল হলে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ট্রাকটি সেতু থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু করে। ওই সময়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস সড়কের রেল উড়ালসেতুর পশ্চিম পাশে আবারও ট্রাক বিকল হয়ে পড়ে। এতে আবারও কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ট্রাকটি সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। ওই সময় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু এলাকা যানজটে প্রায় অচল হয়ে যায়।এসএস পরিবহনের যাত্রী উজ্জাল হাসান যাবেন গাইবান্ধার দাড়িয়াপুর এলাকায়। তিনি বলেন, ‘উত্তরার আবদুল্লাহপুর থেকে বাসে উঠেছি সকাল সাড়ে সাতটায়। চন্দ্রা এলাকায় এসেছে পৌঁছেছি সাড়ে ১০টায়।’ গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) পরিদর্শক সানোয়ার হোসেন জানান, সূত্রাপুর এলাকায় পরপর দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত ১৫ কিলোমিটার, চন্দ্রা থেকে নবীনগরের বাইপাইল ১৫ কিলোমিটার এবং চন্দ্রা থেকে জয়দেবপুর সড়কের কোনাবাড়ী পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সারোয়ার হোসেন নামের একজন গরু ব্যবসায়ী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোগ এলাকায় বলেন, তিনি কুষ্টিয়া থেকে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রওনা হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টায় তিনি চন্দ্রা পৌঁছান।অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বড় ধরনের যানজট না থাকলে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড, গাজীপুরা, বড়বাড়ি, ভোগড়া, চান্দানা চৌরাস্তা এলাকায় যানবাহনের জটলা রয়েছে।গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, গাজীপুরের প্রায় ৯০০ পুলিশ সদস্য ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থান করছেন। স্বাভাবিকের চেয়ে গাড়ির চাপ অনেক বেশি। বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে টোল আদায় করতে সময় লাগছে। সেখান থেকে চন্দ্রা পর্যন্ত গাড়ি চলছে থেমে থেমে। মির্জাপুরে গতিরোধকগুলো তোলা হচ্ছে: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর এলাকায় গত মঙ্গলবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত দিনভর যানজটে ঈদে ঘরমুখী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। যানজট কমিয়ে আনতে মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই থেকে জামুর্কি পর্যন্ত কমপক্ষে ১০টি গতিরোধক তুলে ফেলা হচ্ছে। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার বিকেলে যানজট কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর দেওহাটা ও আছিমতলায় মহাসড়কের পাশে গরুর হাটে ট্রাক ওঠা-নামা করানোর কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। মহাসড়কে কিছুদূর পরপর গতিরোধক ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজট বাড়তে থাকে। একপর্যায়ে যানজট গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সরকার বলেন, ট্রাকচালকেরা যানজটে পড়লেই ঘুমিয়ে পড়েন। খুঁজে খুঁজে তাঁদের বের করে ঘুম থেকে জাগিয়ে ট্রাক চালাতে বলতে হয়। এরই মধ্যে রাস্তায় যানজট লেগে যায়। মহাসড়ক ঘুরে দেখা গেছে, যানজটের সুবাদে অনেকে মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ দোকান দিয়েছেন। যানজটে আটকে পড়া যাত্রীরা সুবিধামতো খাবার ও পানীয় কিনে নিচ্ছেন।তিন ঘণ্টার পথ যেতে নয়-দশ ঘণ্টা: ঢাকা থেকে টাঙ্গাইল তিন ঘণ্টার রাস্তা অতিক্রম করতে নয়-দশ ঘণ্টা লাগছে। এতে মানুষের ঘরে ফেরা দুর্বিষহ হয়ে উঠেছে। ঢাকা থেকে আসা টাঙ্গাইল শহরের বাসিন্দা শামিম সরোয়ার জানান, সকাল ছয়টায় রওনা হয়ে বিকেল তিনটায় টাঙ্গাইলে পৌঁছান তিনি। টাঙ্গাইল শহর বাইপাসে কুড়িগ্রামগামী বাসের যাত্রী সুলতান হোসেন বলেন, ‘স্ত্রী-সন্তানদের নিয়ে সকাল আটটায় ঢাকা থেকে বাসে উঠেছি, নয় ঘণ্টায় মাত্র এলেঙ্গা পৌঁছালাম।’ টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, যানযট নিরসনে পুলিশ সর্বশক্তি নিয়ে কাজ করছে। [প্রতিবেদন পাঠিয়েছেন মাসুদ রানা, গাজীপুর, সোহেল মোহসীন, মির্জাপুর ও কামনাশীষ, টাঙ্গাইল]