সোমবার। সকাল সাড়ে ১০টা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর আঞ্চলিক কার্যালয়ে ঢুকেই দেখা গেল ১০-১২ জনের জটলা। একজন বললেন, ‘সার্টিফিকেট লাগব? লাগলে বলেন, এক দিনেই করিয়ে দিব। না হলে তিন-চার দিন ঘুরবেন।’গোলাপবাগে ডিএসসিসির এই কার্যালয়। দেখা গেল, তাঁর মতো অনেকেই ঘুরছেন। আর সংস্থাটির কাছে সময়মতো সেবা না পেয়ে এদিক-ওদিক ঘুরছেন অনেকে। তাঁদের কেউ নাগরিকত্ব, কেউ বা ওয়ারিশনামা বা বিভিন্ন সনদ নিতে এসেছেন।গত সোম ও মঙ্গলবার ডিএসসিসির বিভিন্ন আঞ্চলিক কার্যালয় ঘুরে সেবাগ্রহীতাদের দুর্ভোগের এমন চিত্র পাওয়া গেছে।রাজধানীবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হয়েছে। পুরান ও মধ্য ঢাকার ৫৬টি ওয়ার্ডকে পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের অধীনে এনে ২০১১ সালের ডিসেম্বরে গঠিত হয় ডিএসসিসি। এখান থেকে চলাচলের উপযোগী রাস্তাঘাট, আবর্জনা অপসারণ, জলাবদ্ধতা দূর করা, স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব থেকে রক্ষা, জন্মনিবন্ধনসহ ১৭ রকমের সেবা পাওয়ার কথা নগরবাসীর। কেবল বিভিন্ন সনদ পেতে ভোগান্তিই নয়, বেহাল রাস্তা, মশার উপদ্রব থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী।ভুক্তভোগীরা বলছেন, আগে নির্বাচিত কাউন্সিলরদের মাধ্যমে অন্তত কিছু সুবিধা পাওয়া যেত। যেমন, ৫ নম্বর অঞ্চলে আগে ১৫টি ওয়ার্ডে ১৫ জন কাউন্সিলর ছিলেন। এখন ওই আঞ্চলিক কার্যালয়ে কাজ করেন নির্বাহী কর্মকর্তাসহ চারজন। একটি কার্যালয় থেকে ১৫টি ওয়ার্ডের বাসিন্দাদের তাঁরা ঠিকমতো সেবা দিতে পারছেন না। এ ছাড়া কাউন্সিলর কার্যালয় ছিল এলাকায়, আর এখন আঞ্চলিক কার্যালয়ে যেতে বাসিন্দাদের দূরত্বের ভোগান্তিও পোহাতে হচ্ছে।সেবা নিতে ভোগান্তি: গোলাপবাগ কার্যালয়ে ওয়ারিশনামা সনদের জন্য এসেছেন সূত্রাপুরের লোহারপুলের বাসিন্দা আবদুর রহমান। তিনি বললেন, ‘সকাল সাড়ে নয়টা থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করে জানতে পারি, এখানে হবে না। সচিবের কাছে যেতে হবে। কিন্তু তিনি কোন অফিসে বসেন জানি না।’টিপু সুলতান রোডের ওয়াজীউল্লাহ বলেন, নাগরিকত্ব সনদের জন্য রোববার তিনি-চার ঘণ্টা ঘুরেছেন। সোমবার ঘুরেছেন আরও বেশি। অথচ বছর দুয়েক আগে তাঁদের ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে তাঁর বড় ভাই একদিন গিয়ে তিন ঘণ্টায়ই নাগরিকত্ব সনদ পেয়েছিলেন।আরও কয়েকজন ভুক্তভোগী বললেন, আগে কাউন্সিলরের কাছে রাত-বিরাতেও সাহায্য পাওয়া যেত। কারণ তিনি ব্যক্তিগতভাবে এলাকাবাসীকে চিনতেন। এখন পরিদর্শকের মর্জি হলে এলাকায় গিয়ে খোঁজ করেন। তাঁদের খুশি না করলে কাজ হয় না।এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, চারজন কর্মকর্তা নাগরিকত্ব সনদ দিয়ে থাকেন। অন্য সনদ দেওয়ার এখতিয়ার সবার নেই। তবে উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো সনদই দেওয়া হয় না। তিনি বলেন, ‘আমি সেবা করার মনোভাব নিয়েই চেয়ারে বসেছি। বাড়তি সময় অফিস করি। সুযোগসন্ধানী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’খিলগাঁওয়ের তিলপাপাড়ায় অবস্থিত ২ নম্বর আঞ্চলিক কার্যালয়েও ভোগান্তির চিত্র দেখা গেছে। বিজয়নগরের মুসলিমউদ্দিন বললেন, ট্রেড লাইসেন্সের জন্য এসেছেন। তা-ও এক দিনে শেষ হবে না।নগর ভবনের নবম তলা ও ১২ তলায় এবং আজিমপুরে ডিএসসিসির আরও তিনটি আঞ্চলিক কার্যালয়েও নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী।এক বছর আগের খোঁড়া রাস্তাও মেরামত হয়নি: গত বছর বর্ষায় ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিট ও আশপাশের রাস্তা খুঁড়েছিল তিতাস গ্যাস কোম্পানি, বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ও টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।মঙ্গলবার গিয়ে দেখা গেল, খোঁড়া রাস্তার ওপর ইটের খণ্ড দিয়ে বালু চাপা দেওয়া। আশপাশের বেশির ভাগ রাস্তাও খানাখন্দে ভরা। বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার মানুষ। এলাকার দোকানিরা বলেন, রাস্তা খোঁড়ার অনেক দিন পর দায়সারাভাবে ভরাট করা হয়েছিল। মেরামত হয়নি। মাস চারেক হলো দয়াগঞ্জ ও যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক খুঁড়েছিল সিটি করপোরেশনই। এখন মেরামত চলছে।দেড় বছরে বাসাবো, কদমতলা, মানিকনগর, গোপীবাগ, কে এম দাস লেন, হাটখোলা, ওয়ারী, ধোলাইখাল, মগবাজার, মৌচাক, রামপুরার বেশির ভাগ রাস্তা মেরামত হয়নি। কিছু রাস্তার কেবল ওপরে কার্পেটিং করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সেগুলো আগের দশায় ফিরে গেছে। রামপুরা থেকে মৌচাক ও মগবাজারে মাস ছয়েক আগে রাস্তা মেরামত করা হয়েছিল। বর্তমানে সেই রাস্তা খোঁড়া হচ্ছে। মৌচাক মার্কেটের ব্যবসায়ী স্বপন করিম জানান, বৃষ্টি হলে এখানে পানি জমে। এতে দুর্ঘটনাও ঘটছে।ডিএসসিসির প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বৃষ্টির দিন বাদ দিয়ে কিছু রাস্তা মেরামতের চেষ্টা হচ্ছে। রামপুরা থেকে মৌচাক-মগবাজারের রাস্তা খোঁড়ার বিষয়ে তিনি বলেন, ডিপিডিসির উন্নয়নকাজের জন্য এই রাস্তা খোঁড়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা ধীরে কাজ করছে।করপোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা!: রাজধানীর জলাবদ্ধতা দূর করার দায়িত্ব ঢাকা ওয়াসার পাশপাশি সিটি করপোরেশনেরও। কিন্তু এবার খোদ করপোরেশন কার্যালয়েই জলাবদ্ধতা হচ্ছে। ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হলে করপোরেশনের ৫ নম্বর অঞ্চল কার্যালয় জলমগ্ন হয়ে পড়ে। ৮ মের বৃষ্টিতেও কার্যালয় প্রাঙ্গণ তলিয়ে যায়। গোপীবাগ, গোলাপবাগ, কে এম দাস লেনের বাসিন্দারা অভিযোগ করেন, অতীতে কখনো এলাকায় এত বেশি জলাবদ্ধতা হতে দেখেননি তাঁরা।যেখানে-সেখানে আবর্জনা: ইংলিশ রোডে চিত্রামহল সিনেমার পার্শ্ববর্তী পার্কটি এখন আবর্জনার ভাগাড়। পথচারী ও যানবাহনের আরোহীরা নাকে রুমাল দিয়ে ওই পথে যাতায়াত করছে। এলাকার গৃহস্থালি বর্জ্য ছাড়াও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ময়লা স্তূপ করে রাখা হয়েছে। ফকিরেরপুল বাজারের সামনে রাস্তায়, দৈনিক বাংলার মোড় ও বাংলাদেশ ব্যাংকের পাশে ময়লা ফেলার কনটেইনারগুলোকেই ‘আবর্জনা’ মনে হয়েছে। এসব এলাকার লোকজন বলছেন, দুই দিনেও একটি কনটেইনার সরানো হয় না।মশার ওষুধ দিতে কেউ দেখে না: বছর দুই আগেও বর্ষা মৌসুম ছাড়া সব সময়ই মশা মারার ওষুধ দেওয়া হতো। এখন নগরবাসী মশা মারতে দেখে না। যাত্রাবাড়ীর সাইফুল ইসলাম জানান, গত এক বছরে এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে দেখেননি। একই কথা বললেন রাজার দেউরীর সুদেব দাস, নয়াবাজারের ইয়াকুব হোসেন। অভয় দাস লেনের মোতালেব হোসেন। মাস ছয়েক আগে একদিন মেশিন কাঁধে ডিএসসিসির এক কর্মচারীকে দেখেছিলেন তাঁরা।গত এক বছরে মশা মারার ওষুধ কেনা, পর্যবেক্ষণ করা ইত্যাদি বাবদ প্রায় দেড় কোটি টাকা খরচ করা হয় বলে করপোরেশন সূত্র জানায়।কর্তৃপক্ষের বক্তব্য: ডিএসসিসির প্রশাসক নজরুল ইসলামের নিকটাত্মীয় মারা যাওয়ায় তিনি ছুটিতে আছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনসার আলী খান বিদেশে।সচিব মো. মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, আর্থিক সমস্যা ও লোকবলের কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। তবে ঢাকা শহর কখনোই সমস্যামুক্ত ছিল না। তিনি বলেন, আগের তুলনায় এখন ডিএসসিসির নজরদারি বেড়েছে।