তিন ঘণ্টায় ধরা ‘বসের লোক’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে নয়টা। পারভীন হাউসের পঞ্চম তলার ভাড়াটে রহিমা বেগম ছেলেকে কোচিং সেন্টারে রেখে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভেতর থেকে দরজা বন্ধ। বাসার ভেতরে লোকজনের আলাপ। ‘ভেতরে কে?’ রহিমা বেগমের এমন প্রশ্নের উত্তর আসে, ‘আমরা বসের লোক।’ এর পরপরই রহিমা বেগমের চিৎকার। মুহূর্তেই জড়ো হলো লোকজন। বাড়ির সামনে থেকে দেখা যায়, চার ও পাঁচতলার কার্নিশে দুজন বসা। সেখান থেকে তারা নামতে পারছে না। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের নামানোর পর জানা গেল, চুরির উদ্দেশ্যে তারা রহিমা বেগমের বাসায় ঢোকে। গতকাল রোববার কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ওই দুজন সিঁধেল চোর। তাদের একজন সিলেট সদর উপজেলার আরমান (২৭), অন্যজন ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গুল গ্রামের আবদুর রহিম (২৮)। জানালার গ্রিল ভেঙে তারা পালানোর চেষ্টা করে। তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদের আটক করেন। বর্তমানে তারা থানায় রয়েছে। ওসি বলেন, ‘খুব ভোগান্তিতে ফেলে দেয় ওরা আমাদের। কোনোরকমে নামানো গেল তাদের।’জানা যায়, রহিমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন বিদ্যুৎ উন্নয়ন বিভাগে (বিক্রয় ও বিতরণ শাখা-২) কর্মরত। রহিমা বেগম বলেন, ‘আমার স্বামী সকাল নয়টার আগেই অফিসে চলে যান। নয়টা পাঁচ মিনিটে ছেলেকে নিয়ে কোচিং সেন্টারে যাই। ফিরে এসে দেখি, ভেতর থেকে বাসার দরজার তালা বন্ধ। আমার চিৎকারে লোকজন ছুটে আসে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায়, কোথাও কেউ নেই। ভয় পেয়ে এদিক-সেদিক উঁকি দিয়ে দেখা গেল, জানালার কাচ ভাঙা, গ্রিল কাটা। জানালার পাশে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে উৎসুক লোকজনের ভিড়।’প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির নিচে লোকজনের উপস্থিতি দেখে ওই দুই চোর কার্নিশেই স্থির হয়ে বসে থাকে। এরই মধ্যে শুরু হলো মুষলধারে বৃষ্টি। দুই তরুণ সাহস করে রশি বেয়ে কার্নিশে ওঠে। পরে ফায়ার সার্ভিসের লোক, পুলিশ এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা পর তাদের নামানো হয়।