তিন চাচাকে হত্যার ঘটনায় জড়িত আলীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে জয়পুরহাটের পাঁচবিবিতে তিন ব্যক্তিকে আটকের পর হত্যার ঘটনায় বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীম জড়িত ছিলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এই জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী এ কে এম মাহবুবর রহমান।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মাহবুবর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে মাহবুবর রহমান বলেন, একাত্তরে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনারা তাঁর তিন চাচাকে ধরে নিয়ে যান। পরে তাঁর এক চাচাতো ভাই তাঁদের ছেড়ে দিতে আলীমের কাছে অনুরোধ করলে তিনি নাকচ করে দেন।জবানবন্দিতে মাহবুবর রহমান বলেন, তাঁর বাবা ইদ্রিস উদ্দিন সরকার। তাঁদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা গ্রামে। একাত্তরে তিনি সরকারি আজিজুল হক কলেজের ছাত্র ছিলেন। একাত্তরের ২৫ মার্চের পরে মুক্তিযুদ্ধ শুরু হলে তত্কালীন বগুড়া জেলা পরিষদের কনভেনশন মুসলিম লীগের সহসভাপতি আলীমের নেতৃত্বে জয়পুরহাটে শান্তি কমিটি গঠিত হয়।একাত্তরের ২৬ মে বেলা ১১টার দিকে পাকিস্তানি সেনারা তাঁদের নওদা গ্রাম আক্রমণ করে। সেনাদের সঙ্গে ছিলেন শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্য আহমেদ বিহারি ও রশিদ বিহারি। সেনারা সে সময় তাঁর বাবা ও তাঁদের সম্পর্কে খোঁজ নেয়। তাঁদের না পেয়ে সেখান থেকে সেনারা ওই দুই রাজাকারের সহায়তায় তাঁর বাবার তিন ভাই ইউসুফ উদ্দিন সরদার, ইউনুস উদ্দিন সরদার ও ইলিয়াস উদ্দিন সরদারকে ধরে নিয়ে যায়। তিন চাচাকে পাঁচবিবি বালিহাটা ইউনিয়নের স্থপতি সেনা ক্যাম্পে রাখা হয়। তিনি ও তাঁর বড় ভাই বজলার রহমান লুকিয়ে তা দেখেন। বাড়ি ফিরে ঘটনাটি তাঁরা সবাইকে জানান।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, আটক চাচাদের ছাড়াতে তাঁর চাচাতো ভাই আবুল কাশেম সরদারকে পাঠানো হয়। তিনি পাঁচবিবি শান্তি কমিটির নেতা জামায়াতের মওলানা মহাব্বতপুরীর সঙ্গে দেখা করেন। তিনি শান্তি কমিটির অন্যতম নেতা রুস্তম আলীর সাথে দেখা করে আটক তিনজনের সম্পর্কে জানতে চান। এ সময় রুস্তম আলী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি তাঁদের ছাড়াতে আলীমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সে অনুযায়ী আবুল কাশেম সরদার জয়পুরহাট শহরে শাওনলাল বাজলার গদি ঘরে স্থাপিত শান্তি কমিটির অফিসে আলীমের সঙ্গে দেখা করে আটক তিনজনকে ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু আলীম তাঁদের ছাড়ার আবেদন নাকচ করে দেন। সাক্ষীর চাচাতো ভাই বাড়ি ফিরে তাঁদের এ কথা জানান। পরে তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে নওদার পাশের গ্রাম বাগোয়ানে আশ্রয় নেন। ওই দিন সন্ধ্যায় গ্রামের পাশে গুলির শব্দ শুনতে পেয়ে তিন চাচার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন। পরদিন তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেন। স্বাধীনতার পরে দেশে এলে তাঁরা পাকিস্তানি সেনাদের এক পাচক মহির উদ্দিন মণ্ডলের কাছে তিন চাচাকে হত্যার বিষয়ে জানতে পারেন। একই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আলম মণ্ডলের কাছেও হত্যার বর্ণনা শোনেন ও হত্যার ঘটনাস্থল চিহ্নিত করেন। ১৯৭২ সালের মে মাসে প্রশাসনের উপস্থিতিতে গণকবর থেকে তিন চাচা ও আরও দুজনের লাশ তুলে ধর্মীয় রীতি অনুসারে সেগুলো দাফন করা হয়।জবানবন্দি শেষে মাহবুবর রহমানকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।