সন্ত্রাসবাদ দমন ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে অঙ্গীকার করেছে বাংলাদেশ ও ভারত। গতকাল সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে বৈঠকে দুই দেশ এ অঙ্গীকার করে।বৈঠক সূত্রে জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সন্ত্রাসবাদ দমনে তিনটি চুক্তি এবং বিদ্যুত্ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া বাংলাদেশের রেল ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে এবং নদী পুনঃখননে ভারত রাষ্ট্রীয় ঋণের আওতায় আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া বাংলাদেশের আরও ৪৭টি পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশের ঘোষণা দেওয়া হয়। তিস্তার পানিবণ্টনের বিষয়ে দুই দেশ একমত হলেও শেষ পর্যন্ত চুক্তিটি কবে সই হবে, তা চূড়ান্ত হয়নি। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্যবৈষম্য বিলোপ, ট্রানজিট, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানিবণ্টনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের নেতারা বিস্তারিত আলোচনা করেন। নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপনে বাংলাদেশকে ট্রানজিট দিতে ভারত রাজি হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতকে মংলা বন্দর ব্যবহার করতে দিতে রাজি বাংলাদেশ।বৈঠক শেষে দুই দেশের যৌথ ঘোষণা দেওয়া হয়নি। আজ মঙ্গলবার এ ঘোষণা সাক্ষরিত হবে বলে জানা গেছে।সূত্রগুলো জানিয়েছে, টিপাইমুখ প্রসঙ্গ আলোচনায় এলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না। এ ছাড়া সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলে জাতিসংঘে সালিস নিষ্পত্তির পরিবর্তে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেন মনমোহন। সন্ত্রাসবাদকে এ অঞ্চলের অগ্রগতির পথে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে দুই দেশই দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ ও অপরাধমূলক তত্পরতা বন্ধে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে।জানা গেছে, বৈঠকে ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ট্রানজিটের বিষয়ে দেওয়া প্রস্তাবে বাংলাদেশের সম্মতি চাওয়া হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে আগামী দিনেও একই ধরনের সহযোগিতা চাওয়া হয়। এ ছাড়া আশুগঞ্জকে স্থায়ীভাবে ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। এ লক্ষ্যে আশুগঞ্জকে একটি মডেল বন্দরে পরিণত করতে ভারত আর্থিক সহযোগিতা দেওয়ার আগ্রহ দেখিয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানিবণ্টনে চুক্তি সইয়ের বিষয়টির উল্লেখ করা হয়। ভারতও বিষয়টিতে একমত পোষণ করে। শেষ পর্যন্ত চুক্তি সইয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করতে খুব শিগগির যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগব্যবস্থার জন্য ভারতের ভূখণ্ড ব্যবহারের বিষয়টি বাংলাদেশ আলোচনায় তুললে ভারত ট্রানজিট দিতে তার আগের প্রতিশ্রুতি পুনরায় উল্লেখ করে। সীমান্ত বিরোধ নিষ্পত্তি বিশেষ করে ছিটমহল বিনিময়, অপদখলকৃত জমি হস্তান্তর ও ৬ দশমিক ৫ কিলোমিটার সীমানা নির্ণয়ের মতো বিষয়গুলো নির্ধারণে যৌথভাবে ওই এলাকা পরিদর্শন করে একটি কর্মকৌশল ঠিক করবে বলে দুই পক্ষ একমত হয়। বৈঠকে নেতারা আশা প্রকাশ করেন, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতায় দুই দেশ আঞ্চলিক শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে।চার দিনের ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার রাত নয়টায় দিল্লিতে এসে পৌঁছান। গতকাল অত্যন্ত কর্মব্যস্ত দিন কাটান তিনি। সকালে রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী এরপর মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান। তিনি রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে দেখা করেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ।আজকের কার্যসূচি: বাংলাদেশের প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে থাকছে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছ থেকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ। শান্তি ও গণতন্ত্র বিকাশে অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। তিনি দুপুরে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই), কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) ও অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান চেম্বার্স (এসোচেম) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় বক্তব্য দেবেন। তিনি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। আজ তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের সঙ্গে তাঁর বাসায় দেখা করতে যাবেন। আর ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। শেখ হাসিনা সন্ধ্যায় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির অসুস্থ স্ত্রীকে দেখতে তাঁর বাসায় যাবেন। এরপর তিনি তাঁর সম্মানে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। কাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।রাষ্ট্রীয় ভোজসভা: শীর্ষ বৈঠক শেষে হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় ভোজসভা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের প্রধানমন্ত্রী এ ভোজসভার আয়োজন করেন। শেখ হাসিনা তাঁর বক্তৃতায় বলেন, ‘ভারতে আসার পর আমি ও আমার সফরসঙ্গীদের যে আতিথেয়তা দেওয়া হয়েছে, তাতে আমি অভিভূত।’শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এ সহাবস্থানের নীতির ভিত্তি হলো মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর আদর্শ। আমাদের পারস্পরিক শান্তির নীতির ভিত্তি হলো স্বাধীনতা, সত্ প্রতিবেশীসুলভ আচরণ ও একে অন্যের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ। এই সম্পর্কের শেকড় প্রোথিত হয়েছিল ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময়।সন্ত্রাসবাদ দমনে তাঁর সরকারের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশ তার ভূখণ্ডে যেকোনো ধরনের সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিবেশী বা বিশ্বের যেকোনো দেশের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী তত্পরতা চালাতে বাংলাদেশ তার ভূমি ব্যবহার করতে দেবে না।প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতির প্রধান নিয়ামক হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা। কৃষিপ্রধান হিসেবে বাংলাদেশের সারা বছরই প্রয়োজনীয় পানির নিশ্চয়তা দরকার। গঙ্গার নিয়মিত প্রবাহ নিশ্চিত করতে ১৯৯৬ সালে দুই দেশ ৩০ বছর মেয়াদি পানিবণ্টন চুুক্তি করেছিল। যেটা দুই দেশের সহযোগিতার সত্যিকারের চেতনা। এটা ধরে রেখেই আমরা তিস্তাসহ অন্যান্য যৌথ নদীর পানিবণ্টন নিয়ে সমঝোতায় আসতে চাই।’অর্থনৈতিক অগ্রগতির জন্য কানেকটিভিটি একটি গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে উন্নত যোগাযোগ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন যুগের সূচনা করবে। যা পুরো দক্ষিণ এশিয়ার সব দেশকেই লাভবান করবে। আমাদের আলোচনা প্রকৃত অর্থেই খুবই ফলপ্রসূ হয়েছে। এমনকি আমরা জ্বালানি, পর্যটনসহ অন্যান্য খাত নিয়েও কথা বলেছি। সীমান্ত ব্যবস্থাপনাসহ দীর্ঘদিন থেকে অমীমাংসিত অনেক বিষয়েই লক্ষণীয় অগ্রগতি হয়েছে। এ ছাড়া যেসব চুক্তি সই এবং সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই একটি তাত্পর্যপূর্ণ অর্জন।’ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর প্রবেশাধিকার নিয়ে মনমোহন সিংয়ের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে এই সম্পর্কের একটি শক্তিশালী বন্ধনেরই বহিঃপ্রকাশ। এখন দরকার সংস্থাগুলোর মধ্যে কার্যকর ব্যবস্থা গড়ে তুলে বাণিজ্য বাড়ানো। এ জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে সক্রিয় করার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের পদক্ষেপগুলো জোরদার করতে হবে।