ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ক্যাম্পাস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।সূত্র জানায়, সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িতসহ বিভিন্ন সময় ছাত্র আন্দোলন ও বিক্ষোভের ইন্ধনদাতাদের ধরতে থানায় লিখিত অভিযোগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বেলা দুইটায় ক্যাম্পাস থেকে বকুল মুন্সী, আতাউল হক ও সিরাজুল ইসলামকে আটক করে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ও শিবিরকর্মী সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রক্টর কাজী আসাদুজ্জমান বলেন, একটি কুচক্রী মহল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। পর্যায়ক্রমে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।