তিন ছাত্রের হত্যাকারীরা শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।গত বছরের প্রথম চার মাসে খুন হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ এ এম মহিউদ্দিন, হারুন অর রশীদ ও আসাদুজ্জামান। এরমধ্যে মহিউদ্দিন ও হারুন হত্যা মামলায় চারবার তদন্ত কর্মকর্তা পাল্টানো ছাড়া আর কোনো অগ্রগতি নেই। মামলাও হয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে। তবে মহিউদ্দিন হত্যা নিয়ে পরস্পরকে দুষছে ছাত্রলীগ ও ছাত্রশিবির। আর আসাদুজ্জামান হত্যায় স্থানীয় কয়েকজন গ্রামবাসী জড়িত বলে অভিযোগ আছে।এই তিন ছাত্র হত্যা মামলার তদন্তের কোনো অগ্রগতি না হওয়ায় তাঁদের পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বাড়ছে। তাঁদের অভিযোগ, তদন্তে ঢিলেমির কারণে মামলাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।মহিউদ্দিন হত্যাগত বছরের ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা নগরের ষোলশহর রেলস্টশনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এ এ এম মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করে। মহিউদ্দিন হত্যার পর ছাত্রলীগ ও ছাত্রশিবির দুটি সংগঠনই দাবি করে, মহিউদ্দিন তাদের দলীয় কর্মী। এ হত্যার জন্য পরস্পরকে দায়ী করে চট্টগ্রামে মিছিল-সমাবেশও করে ওই দুটি ছাত্রসংগঠন। নিহত মহিউদ্দিনের বাবা ফজলুল কাদের পরে বাদী হয়ে রেলওয়ে থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন।মামলার তদন্তে এ পর্যন্ত চারজন তদন্তকারী কর্মকর্তা (আইও) বদল হয়েছে। এখন মামলাটি তদন্ত করছেন সিআইডির সহকারী পুলিশ সুপার হ্লৈ চিং প্রু মারমা। এক বছর তদন্তের পর পুলিশ সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—মোহাইমিনুল ও শিহাবুন সাকিব ভূঁইয়া। সাকিব ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার প্রভাবশালী কর্মী। মোহাইমিনুল ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। তিনি বর্তমানে জামিনে রয়েছেন বলে পুলিশ সূত্র জানায়। তদন্তকারী কর্মকর্তা হ্লৈ চিং প্রু মারমা প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে। মামলা সম্পর্কে আর কিছু বলতে রাজি হননি তিনি।মহিউদ্দিনের বাবা ফজলুল কাদের বলেন, এক বছর পার হলেও ছেলের হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। হারুণ হত্যা মামলাগত বছরের ২৯ মার্চ সকালে চট্টগ্রাম সেনানিবাস রেলস্টেশন ও চৌধুরীহাট রেলস্টেশনের মধ্যবর্তী বড়দীঘি পাড় এলাকায় বিপণন বিভাগের ছাত্র হারুন অর রশিদের লাশ পাওয়া যায়। এরপর রেলওয়ে থানার এক পুলিশ সদস্য বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।পুলিশ সূত্র জানায়, এ পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে চারবার। কিন্তু কোনো কর্মকর্তাই হত্যাকারীদের শনাক্ত করতে পারেননি।পুলিশ এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে পাঁচজন জামিনে মুক্ত রয়েছেন। মহিউদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া সাকিবকে পরে হারুণ হত্যা মামলায়ও টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সাকিবকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত না করা পর্যন্ত মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব নয় বলে তিনি জানান।আসাদুজ্জামান হত্যা মামলাসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ক্যাম্পাসে গত বছর বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে আসা পাশের গ্রামের এক নারীকে ছাত্রলীগের কিছু কর্মী উত্ত্যক্ত করেন। এর জের ধরে পরদিন ১৫ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় এক দল লোক ক্যাম্পাসের স্টেশন এলাকায় এসে হামলা চালায়। তাঁরা সেখানে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান আসাদকে ছুরিকাঘাত করে। তিনি পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আসাদ হত্যার পর ছাত্রলীগের অবরোধে প্রায় ২০ দিন বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করেছিল।এ ঘটনায় ছাত্রলীগের কর্মী মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে রেলওয়ে থানায় মামলা করেন। এর মধ্যে এজাহারভুক্ত দুই জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তিনজন আদালতে আত্মসমর্পণ করেন। এই পাঁচজন এখন জেলে রয়েছেন।আসাদের বড় ভাই আফসারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই হত্যার বিচারের জন্য কেউ কিছু করল না। শুধু সবাই আশ্বাস দিয়ে গেল। শোকে আমার মা মৃত্যুপথযাত্রী।’আসাদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম দাবি করেছেন, তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। কি ধরনের অগ্রগতি হয়েছে কিংবা হত্যাকারীরা শনাক্ত হয়েছে কি না, এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি তদন্ত কর্মকর্তা।বাস্তবায়িত হয়নি তদন্ত কমিটির সুপারিশবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন ছাত্র খুনের পরপরই তদন্ত কমিটি গঠন করে। প্রত্যেক কমিটি প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ দেয়। এরমধ্যে, শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনে নিরাপত্তা বৃদ্ধি, স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কের উন্নয়নে পদক্ষেপ নেওয়া, প্রক্টরিয়াল বডিকে শুধু শিক্ষার্থীদের নিরাপত্তাসংশ্লিষ্ট কাজে দায়িত্ব দেওয়া, ছাত্র সংঘর্ষ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রভৃতি সুপারিশ উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে, শাটল ট্রেনে নিরাপত্তা বৃদ্ধি করা ছাড়া অন্য সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি।এরমধ্যে আসাদ হত্যার তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ছাত্র হত্যার মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রতিবেদনে তাঁরা যেসব সুপারিশ করেন, তার বেশির ভাগই বাস্তবায়িত হয়নি।