তিন জেলাতেই আটকে আছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলার মধ্যেই আটকে আছে বর্তমান সরকারের বহুল আলোচিত ‘ন্যাশনাল সার্ভিস’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সারা দেশের বেকারদের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা। কিন্তু সরকারের চার বছরেও গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও বরগুনাতেই সীমাবদ্ধ হয়ে আছে তা।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যুবক ও যুব মহিলাদের দুই বছরের ন্যাশনাল সার্ভিসের আওতায় আনার কথা বলা হয়।নিয়মানুযায়ী, ন্যাশনাল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিরা দুই বছরের জন্য দৈনিক হাজিরার ভিত্তিতে বিভিন্ন সরকারি দপ্তরে অস্থায়ীভাবে চাকরি করেন। প্রতিদিনের জন্য তাঁরা ২০০ টাকা করে পান। কর্মসূচির আওতায় তিন মাসের প্রশিক্ষণ দিয়ে এ চাকরি দেওয়া হয়।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এ কর্মসূচি বেকার সমাজের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি করলেও তা চার বছরেও প্রত্যাশিত রূপ নেয়নি। রংপুর বিভাগের সাত জেলার (কুড়িগ্রাম বাদে) আটটি উপজেলায় এই কর্মসূচি চালুর সিদ্ধান্ত হয় এক বছরের বেশি সময় আগে। এখনো তা শুরু হয়নি।এই প্রেক্ষাপটেই পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি চালুর সুপারিশ করা হয়েছে। তিন জেলার চলমান কাজ মূল্যায়ন করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠান এ সুপারিশ করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে এ মূল্যায়নের কাজ দেয়। মূল্যায়নকাজের ওপর খসড়া প্রতিবেদনটি চূড়ান্ত করার কাজ চলছে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব অধিদপ্তর সূত্রে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, রংপুর বিভাগে এই কর্মসূচি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলেই এই কাজ উদ্বোধন করা হবে।২০১০ সালের মার্চে কুড়িগ্রাম, মে মাসে বরগুনা ও জুলাই মাসে গোপালগঞ্জে পরীক্ষামূলকভাবে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হয়। দুই বছর শেষে এখন সেখানে দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত অক্টোবর পর্যন্ত এই তিন জেলায় ৫৬ হাজার ৫৪ জনকে কর্মসংস্থানের জন্য সংযুক্ত করা হয়েছে। জেলা তিনটিতে কর্মসূচি শেষ হবে আগামী বছর। এ জন্য চলতিসহ চার অর্থবছরে মোট ৭৬২ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে ব্যয় হয়েছে ৬৬৫ কোটি ৪ লাখ টাকা।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ন্যাশনাল সার্ভিসের আওতায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের আনার প্রস্তাব থাকলেও উল্লিখিত তিন জেলায় শুরুতে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণদের কর্মসূচির আওতায় আনা হয়। বয়স নির্ধারণ করা হয় ১৮ থেকে ৩৫ বছর। একপর্যায়ে ওই তিন জেলার জেলা প্রশাসকেরা (ডিসি) জানান, মাধ্যমিক উত্তীর্ণদের এই সুযোগ দেওয়ায় অনেকে পড়ালেখা বাদ দিয়ে অস্থায়ী ভিত্তিতে এই কাজের জন্য আসছেন। এতে তাঁদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এ জন্য ডিসিরা প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত বাড়ানোর সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা গত বছরের অক্টোবর মাসে ন্যাশনাল সার্ভিসের নীতিমালা সংশোধন করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক এবং বয়স ২৪ থেকে ৩৫ বছর করার সুপারিশ করে। এ সময় রংপুর বিভাগের সাত জেলার আটটি উপজেলায় এই কর্মসূচি চালুর সিদ্ধান্তও হয়। উপজেলাগুলো হলো: রংপুর জেলার কাউনিয়া ও পীরগঞ্জ, গাইবান্ধার ফুলছড়ি, নীলফামারীর ডিমলা, লালমনিরহাটের হাতীবান্ধা, দিনাজপুরের খানসামা, ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পঞ্চগড়ের সদর উপজেলা। কিন্তু ওই সিদ্ধান্ত নেওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো উপজেলাগুলোতে এই কর্মসূচি চালু করা যাচ্ছে না। যুব মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, রংপুর বিভাগের জন্য যে টাকা বরাদ্দ ছিল তা কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে দেওয়া হয়। এ জন্য দেরি হচ্ছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রংপুর বিভাগে কর্মসূচি চালুর জন্য যুবদের কাছ থেকে দরখাস্ত আহ্বান, জরিপ ও দরখাস্ত যাচাই-বাছাই করে ১৬ হাজার ৩৬ জন যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণের স্থান নির্ধারণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধনের জন্য গত ৪ নভেম্বর একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সূত্রমতে, এ কর্মসূচিতে রংপুর বিভাগের জন্য ২০১১-১২ অর্থবছরে বরাদ্দ ছিল ১০০ কোটি টাকা। আর ২০১১-১২ অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১৮৫ কোটি টাকা।এদিকে কর্মসূচির মূল্যায়ন প্রতিবেদনে এর কলেবর বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, পরীক্ষামূলকভাবে চালু হওয়া কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জের কার্যক্রম বেসরকারি একটি প্রতিৎষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করা হয়। খসড়া মূল্যায়ন প্রতিবেদনে এ কর্মসূচিকে ‘অনুকরণীয়’ হিসেবে উল্লেখ করে পর্যায়ক্রমে তা সব জেলায় চালুর সুপারিশ করা হয়। প্রতিবেদনে দারিদ্র্যের হার বিবেচনা করে জেলা বেছে নিয়ে পর্যায়ক্রমে আগামী ১০ বছরের মধ্যে সব জেলায় এ কর্মসূচি চালুর পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য বাজেট বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে প্রশিক্ষণের ওপরও জোর দেওয়া হয়েছে।