তিন জেলায় শিবিরের তাণ্ডব
চট্টগ্রাম, রাজশাহী ও দিনাজপুর শহরে আজ সোমবার সকালে ঝটিকা মিছিল বের করেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের বিটিআরসি এলাকায় আজ সকাল সোয়া ১০টায় ঝটিকা মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে পাথর ছোড়েন তাঁরা। এতে ওই পিকআপ ভ্যানে থাকা একজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া করলে তাঁরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।চট্টগ্রাম কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উত্পল বড়ুয়া প্রথম আলো ডটকমকে জানান, মিছিলটি পাঁচ মিনিটও স্থায়ী হয়নি।জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে বিনোদপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শী ও মতিহার থানার পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যাওয়ার সময় বিসমিল্লাহ টাওয়ারের কাছে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ লাঠিপেটা করলে শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। রাজশাহীর মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান প্রথম আলো ডটকমকে জানান, ১০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে শিবিরের নেতা-কর্মীরা ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৫ থেকে ৫০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে শিবিরকর্মীরা বিনোদপুর বাজারের বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যান। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে রুহুল আমিন ও মিরাজুল নামের দুই পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আবদুস সোবহান জানান। দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় আজ সকাল ১০টার দিকে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিবিরকর্মীরা। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী প্রথম আলো ডটকমকে জানান, নিজামীসহ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে সকালে শহরের নিমতলা মোড় থেকে লাঠিসোঁটা নিয়ে শিবির একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মুন্সিপাড়া সড়কে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন শিবিরকর্মীরা। তাঁদের ছোড়া ইটের আঘাতে আহত হন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মামুন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হলে শিবিরকর্মীরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।