তিন জেলায় ২৪ শিবিরকর্মী গ্রেপ্তার
বরিশাল, কুষ্টিয়া ও ঝিনাইদহে অভিযান চালিয়ে পুলিশ গতকাল রোববার ইসলামী ছাত্রশিবিরের ২৪ জনকে গ্রেপ্তার করেছে।বরিশাল: নগরের রূপাতলী হাউজিং থেকে পুলিশ গতকাল রাতে আট শিবিরকর্মীকে আটক করে। পুলিশের দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান আজ সোমবার প্রথম আলো ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত অভিযোগে আট শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।কুষ্টিয়া: শহরের হাউজিং এলাকা থেকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ছাত্রশিবিরের আটজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ নভেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।কুষ্টিয়া মডেল থানার উপপরির্দশক (এসআই) আবদুল আজিজ প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে নেওয়া হবে। গ্রেপ্তার হওয়া সবাই বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র।ঝিনাইদহ: গতকাল রাতে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ শিবিরের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোনিত কুমার গায়েন প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং বরিশাল ও কুষ্টিয়া অফিস)