তিন জেলার চার এলাকায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলা, কুষ্টিয়ার সদর এলাকা ও কুমারখালী উপজেলা এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাগেরহাট: আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে একই স্থানে আজ বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা জামায়াতে ইসলামী সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া: আমাদের কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়ার সদর এলাকা ও কুমারখালীতে বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক আনোয়ার হোসেন চৌধুরী ১৪৪ ধারা জারির বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর: আমাদের রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, জেলার রায়পুর উপজেলা শহরে আজ বিকেলে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের পৃথক কর্মসূচি আহ্বানের কারণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। রায়পুরের ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।