তিন জেলায় আরও ৩৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
কুষ্টিয়া জেলা, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পাবনার বেড়া উপজেলায় আজ বুধবার আরও ৩৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সা দেওয়া শুরু হয়েছে।আমাদের কুষ্টিয়া অফিস জানিয়েছে, জেলার দৌলতপুরে ভারতীয় সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে আজ অ্যানথ্রাক্সে আক্রান্ত আটজন রোগীকে শনাক্ত করা হয়েছে।আজ সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন-চার দিন ধরে ওই এলাকার বিভিন্ন বয়সী লোকজনের হাতে ও পায়ে পচন দেখা দেয়। বিষয়টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জানানো হলে আজ সকালে স্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন চিকিত্সক এলাকাটি পরিদর্শন করেন। এ সময় প্রাথমিকভাবে অ্যানথ্রাক্সে আক্রান্ত আটজনকে শনাক্ত করা হয় এবং আটজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তিনি জানান, বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে।আক্রান্ত ব্যক্তিরা চিকিত্সকদের জানায়, চার-পাঁচ দিন আগে ওই এলাকার বাজারে জবাই করা তিন-চারটি ছাগলের মাংস তারা খেয়েছিল। ছাগলগুলো রোগাক্রান্ত ছিল। তাদের দাবি, গ্রামে আরও ৩০-৩৫টি রোগাক্রান্ত ছাগল আছে।আমাদের ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের কুরমুশি গ্রামে বিভিন্ন বয়সের ১৪ জন ব্যক্তি নতুন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা সাইফুল মালেক। তিনি জানান, আক্রান্ত ব্যক্তিদের গতকাল মঙ্গলবার থেকে চিকিত্সা দেওয়া শুরু হয়েছে। নিয়মিত ওষুধ সেবনে আগামী ১৫ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।জানা গেছে, গত ২৩ আগস্ট এ গ্রামের বাসিন্দা আবদুল লতিফের কেনা একটি বলদ অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি করে প্রতিবেশীদের সহায়তায় গরুটি জবাই করে এর মাংস খাওয়া ও বিক্রি করা হয়। ২৪ ঘণ্টার মধ্যেই মাংস কাটা এবং ধোয়ার কাজে নিয়োজিত ১৪ জনের হাতে ফোসকা পড়ে। ফোসকার স্থানে প্রচণ্ড ব্যথা ও চুলকানি শুরু হয় এবং আক্রান্ত স্থানে ক্ষতের সৃষ্টি হয়।আমাদের বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, উপজেলায় নতুন করে ১১ জন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হয়েছে বলে আজ জানিয়েছেন বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান। স্বাস্থ্য কমপ্লেক্সের সাত সদস্যবিশিষ্ট একটি চিকিত্সক দল রোগীদের চিকিত্সা করছে। আক্রান্ত রোগীদের সবাই বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার বাসিন্দা।এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২২ আগস্ট সানিলা মহল্লার গরুর খামারি শুকুর আলীর একটি গরু অসুস্থ হয়ে পড়লে তিনি অল্প দামে সেটি মহল্লার কয়েকজনের কাছে বিক্রি করে দেন। পরে মহল্লাবাসীরা মিলিত হয়ে গরুটি জবাই করে এর মাংস ৪৩টি ভাগে ভাগ করে নেয়। গত সোমবার থেকে মহল্লাবাসীদের মধ্যে অ্যানথ্রাক্সের লক্ষণ দেখা দিতে শুরু করে।