তিন জেলায় জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
শেরপুর, রাজবাড়ী ও জামালপুর থেকে গতকাল মঙ্গলবার রাতে এবং আজ মঙ্গলবার ভোরে জামায়াত-শিবিরের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে শেরপুর থেকে পাঁচজন, রাজবাড়ী থেকে সাতজন ও জামালপুরের মাদারগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।আমাদের শেরপুর প্রতিনিধি জানান, আজ ভোরে শেরপুরের সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের নাজিরহাটা গ্রাম থেকে সদর থানা জামায়াতের সাবেক আমির মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, একই থানার গাজিরখামার ইউনিয়ন জামায়াতের সভাপতি আক্কাস আলী, শ্রীবরদী উপজেলা জামায়াতের সদস্য মো. আজহারুল ইসলাম এবং ঝিনাইগাতি থানা ছাত্র শিবিরের কর্মী সুলতান আহম্মদ সোহাগকে গ্রেপ্তার করা হয়।সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আহমেদ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টার অভিযোগ রয়েছে। নাজিরহাটা গ্রামের জামায়াতকর্মী আমিনুল ইসলামের বাড়িতে বৈঠক করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।রাজবাড়ী প্রতিনিধি জানান, গতকাল রাতে সদর, পাংশা ও বালিয়াকান্দি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে জামায়াত ও শিবিরের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সদর থানা জামায়াতের রোকন নুর মহম্মদ বিশ্বাস, শিবিরকর্মী হাসানুল বান্না, পাংশা উপজেলা জামায়াতের আমীর হারুন অর রশীদ, মনিরুজ্জামান, বালিয়াকান্দি থানা শিবিরের সদস্য মেহেদী হাসান (২৫) ও লোকমান হোসেন।রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, আজ ভোরে মাদারগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাঈদ বীন আকবর ওরফে আবদুল মোতাল্লিব ও সাংগঠনিক সম্পাদক সাদিউর রহমান ওরফে সাদীকে গ্রেপ্তার করা হয়েছে।মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান জানায়, জামায়াতের নেতারা গোপন বৈঠক করে মাদারগঞ্জে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে।