তিন জেলায় ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের ডাকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৬০ ঘণ্টার হরতাল গতকাল সোমবার থেকে ঢিলেঢালাভাবে শুরু হয়েছে। সকালে রাজশাহীতে শিবিরের কর্মীরা বিভিন্ন স্থানে রাস্তায় গাছ ও গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন। চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, বিক্ষিপ্ত পিকেটিং ও মিছিলের মধ্য দিয়ে হরতাল চলেছে। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের সন্ধানের দাবিতে দুই জেলায় এই হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।এদিকে বিএনপির ডাকে সিরাজগঞ্জে গতকাল অর্ধদিবস হরতাল দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির বের করা একটি মিছিলে ককটেল ও ইটপাটকেল ছোড়া হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: নগরের কাপাশিয়া এলাকায় গতকাল ভোরে হরতালের সমর্থকেরা রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। হাদির মোড়ে সকাল ছয়টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। সাতটার দিকে বোসপাড়ায় সড়ক অবরোধ করে টায়ার পোড়ায় হরতালের সমর্থকেরা। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।বিনোদপুর, কাশিয়াডাঙ্গা ও নওদাপাড়া এলাকায়ও কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ এসে সেগুলো সরিয়ে দেয়। নগরে হালকা যানবাহন চললেও বাস চলাচল বন্ধ ছিল। ট্রেন চলাচল ছিল স্বভাবিক। কিছু দোকানপাট খোলা ছিল। ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ৪ এপ্রিল গভীর রাতে র‌্যাব-৫-এর কিছু সদস্য ঘুমন্ত অবস্থায় আনোয়ারুল ইসলামকে ধরে নিয়ে যান। এরপর ১৬ দিনের বেশি পেরিয়ে গেলেও তাঁকে আদালতে হাজির করা হয়নি। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, হরতালে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে গতকাল অভিনব কৌশলের আশ্রয় নেন শিবিরের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ বিভিন্ন ভবনের বন্ধ তালায় তাঁরা সুপার গ্লু লাগিয়ে দেন। ক্লাস ও পরীক্ষায় অংশ না নিতে ক্লাস প্রতিনিধিদের মুঠোফোনে শিবিরের কর্মী পরিচয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জালালউদ্দিন বলেন, গতকাল ভোর চারটার দিকে কয়েকজন যুবক এসে বন্ধ তালায় ওই আঠা লাগিয়ে দেন। এ সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে তাঁদের অস্ত্র দেখানো হয়। সকালে তালাগুলো খোলা সম্ভব হয়নি। এ কারণে শিক্ষার্থীরা কেউ কেউ এলেও ক্লাস হয়নি।উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী বলেন, ‘সেশনজট এড়াতে আমরা হরতালেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আজ ভোরে (গতকাল) কয়েকজন ছাত্র এসে কয়েকটি তালা নষ্ট করে দিয়েছে। তালা খোলা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’চাঁপাইনবাবগঞ্জ: হরতালের সমর্থনে সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি মিছিল বের করেন শিবিরের কর্মীরা। মিছিলটি শিবতলা মোড়ে যাওয়ার পথে আরামবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে বড় ইন্দারা মোড়ে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে অবস্থান নিয়ে শিবতলা, মহানন্দা সেতুর টোলঘর ও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের উপররাজারামপুর এলাকায় পিকেটিং করেন শিবিরের নেতা-কর্মীরা।সিরাজগঞ্জ: জেলা শহরের এস বি ফজলুল হক রোডে সকালে একটি ট্রাক ভাঙচুর করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শাহজাদপুরের বেতকান্দি ও পোরজনা বাজারে পিকেটিংয়ের সময় পুলিশ ঘোড়শাল গ্রামের কোরবান আলী ও আবু সামা নামের দুজনকে গ্রেপ্তার করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আন্তজেলা বা দূরপাল্লার বাস না ছাড়লেও রিকশা, অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসানুল কবির বলেন, হরতালে শহরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়।