তিন জেলায় বিএনপি ও জামায়াতের ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল উপলক্ষে নাশকতা সৃষ্টির আশঙ্কা এবং অনুমতি ছাড়া মিছিল-সমাবেশ করার অভিযোগে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুবদল ও ছাত্রদলের ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার বরিশাল, যশোর ও সাতক্ষীরা থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুবদলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক মো. মোদাচ্ছেরুল হক, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফিরোজ আল আমিন (৩৪) ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম (২৯) এবং যশোর শহর বিএনপির সদস্য আবুল খায়ের (৩৫)।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: মহানগরের কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ২৪ জন, কাউনিয়ায় দুজন এবং বিমানবন্দর থানা এলাকা থেকে দুজনসহ গতকাল মোট ২৮ জনকে আটক করা হয়। সহকারী পুলিশ কমিশনার এ এফ এম আনোয়ার হোসাইন খান প্রথম আলোকে বলেন, নগরে সহিংসতা ঘটানোর চেষ্টা, বিভিন্ন স্থানে হুমকি দেওয়া এবং পুলিশের পূর্বানুমতি ছাড়া মিছিল-সমাবেশ করায় বেশ কিছু লোককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মজিবর রহমান প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ হরতালের সমর্থনে দলের কার্যালয়ে নেতা-কর্মীরা উপস্থিত হলে সেখান থেকে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।যশোর: শহরের বিভিন্ন এলাকায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে কোতোয়ালি থানার পুলিশ বিএনপি, জামায়াত ও যুবদলের ১৪ জন কর্মী-সমর্থককে আটক করেছে। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক অভিযোগ করেন, হরতালের কর্মসূচি বানচাল করতেই বিএনপির নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, হরতালে নাশকতা সৃষ্টি করার আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সাতক্ষীরা: শুক্রবার রাতে সাতক্ষীরা শহরের নিজ নিজ বাড়ি থেকে বিএনপি ও যুবদলের দুই নেতা এবং এক কর্মীকে আটক করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর জানান, হরতাল উপলক্ষে লোকজন জমায়েত করে জনজীবনে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির জন্য বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মী প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবরের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম জানান, এসব নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।