তিন জেলায় সমাবেশ খাগড়াছড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ও আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গতকাল রোববার পার্বত্য বান্দরবানে, রাঙামাটি ও খাগড়াছড়িতে আদিবাসী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।খাগড়াছড়িতে বিক্ষোভকালে গতকাল আদিবাসীদের আটটি ছাত্রসংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন ছাত্রীসহ ২২ জন আদিবাসী শিক্ষার্থী আহত হয়েছে।ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বান্দরবান: সকাল ১০টায় বান্দরবান জেলা শহরের পুরোনো রাজবাড়ী মাঠে মারমা, ম্রো, ত্রিপুরা, বম, খেয়াং, খুমিসহ আদিবাসী জনগোষ্ঠীর ১১টি ছাত্রসংগঠন জড়ো হতে থাকে। সেখান থেকে তারা বিশাল মিছিল নিয়ে স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি মং এচিং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ক্যশৈপ্রু খোকা, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক ক্যসামং মারমা, খেলাঘরের সংগঠক প্রবীর দাশ পুজন, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, ছাত্রসংগঠনের নেতা মংটিং মারমা, আশীষ তঞ্চঙ্গ্যা প্রমুখ।দাবি আদায়ে জোরালো ভূমিকা না রাখলে তিন পার্বত্য জেলার আদিবাসী সাংসদদের রাজনৈতিক ও সামাজিকভাবে বর্জন করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।বক্তারা বলেন, ১৯৭২ সালের সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দিয়ে জাতিকে ২৫ বছরের রক্তক্ষয়ী সহিংসতার মাধ্যমে খেসারত দিতে হয়েছে। এবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিলে দেশ ও জাতির জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।খাগড়াছড়ি: আটটি আদিবাসী ছাত্রসংগঠন আদিবাসী বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বৈষম্যমূলক বক্তব্য প্রত্যাহার, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজের ফটকে মিছিল করার জন্য আদিবাসী শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল শুরু করে। পুলিশ আবারও চেঙ্গী স্কোয়ার এলাকায় মিছিলে বাধা দেয়। এ সময় আদিবাসী শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে এবং তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা পিছু হটে খাগড়াছড়ি ফটকসংলগ্ন সরকারি কলেজের প্রধান ফটকে অবস্থান নেয় এবং খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বৈদ্যুতিক খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশের বাধার মুখে ছাত্ররা খাগড়াছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে আশ্রয় নেয়। পুলিশ কলেজ ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় ছাত্রদের সঙ্গে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আজ সোমবার আলোচনায় বসার সিদ্ধান্ত হয়। এরপর শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ছেড়ে যায়।আদিবাসী ছাত্রসংগঠনের নেতারা অভিযোগ করেন, মিছিলের অগ্রভাগে থাকা ছাত্রীদের পুলিশ প্রথমে লাথি মারতে থাকে ও পরে লাঠিপেটা করে। ছাত্ররা ছাত্রীদের উদ্ধার করতে গেলে পুলিশ তাদের ওপরও হামলা চালায়। এতে ১১ ছাত্রীসহ তাদের মোট ২২ জন আহত হয়।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, পূর্বানুমতি না থাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। সংঘর্ষে পুলিশের চার সদস্যও আহত হয়েছেন।রাঙামাটি: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দিয়েছে আদিবাসীদের সম্প্রদায়ভিত্তিক নয়টি ছাত্রসংগঠন। আদিবাসীদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দেওয়া বক্তব্য প্রত্যাহারসহ চার দফা দাবিতে গতকাল রাঙামাটি জেলা প্রশাসন চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, মারমা স্টুডেন্ট কাউন্সিল, তঞ্চঙ্গ্যা ছাত্র কল্যাণ সংস্থা, ম্রো স্টুডেন্ট কাউন্সিল, বাংলাদেশ খ্যাং স্টুডেন্ট কাউন্সিল, চাক স্টুডেন্ট কাউন্সিল, বাংলাদেশ বম স্টুডেন্ট কাউন্সিল, খুমি স্টুডেন্ট কাউন্সিল ও অহমিয়া ছাত্র কল্যাণ সংস্থা এ সমাবেশের আয়োজন করে।সংগঠনগুলোর অন্য দাবির মধ্যে রয়েছে: দেশের সব আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতি, সংবিধান থেকে আদিবাসীদের ওপর চাপিয়ে দেওয়া বাঙালি পরিচয় তুলে দেওয়া ও পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন।সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি উথান মারমা, রাঙামাটি জেলা সভাপতি উনুচিং মারমা ও অহমিয়া ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি বাবলি আসাম।